বাগদাদ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের দক্ষিণাঞ্চলীয় পবিত্র নগরী নাজাফে শুক্রবার কারফিউ জারি করেছে পুলিশ। শিয়া নেতা মুকতাদা আল সদরের শীর্ষ সহযোগী রিয়াদ আল নূরি গুলিতে নিহত হওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই কারফিউ জারি করা হয়েছে।
এর আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী বসরা ও বাগদাদে বৃহস্পতিবার রাতে সদরের মেহেদি আর্মির ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়। শুক্রবার একথা জানায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী।
সদরের সহযোগী নূরি নিহত হওয়ার পর পুলিশ নাজাফে রাস্তায় ব্যারিকেড দেওয়াসহ মাইকে করে লোকজনকে দোকানপাট বন্ধ করে দেওয়া এবং রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদক একথা জানিয়েছেন।
পুলশ এবং সদরের সমর্থকরা নাজাফে গোলাগুলির ঘটনা নিশ্চিত করে জানিয়েছে। তবে ওই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। মার্চ মাস থেকে মার্কিন-ইরাকি বাহিনীর সঙ্গে সদরের মেহেদি আর্মির সংঘর্ষ চলে আসছে। প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বসরায় সদর মিলিশিয়াদের ওপর দমনাভিযান জোরদার করার কারণেই এই সংঘর্ষ শুরু হয়।
অবশ্য পরে সদরের লড়াই বন্ধের ডাকে বসরায় পরিস্থিতি আপাতত শান্ত হয়ে এসেছে। তবে নতুন করে সেখানে শুরু হয়ে গেছে মার্কিন বিমান হামলা।
বৃহস্পতিবার মার্কিন বাহিনী জানায়, বাগদাদের পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত একটি বস্তিতে তারা বিমান হামলা করেছে। এছাড়াও মার্কিন বাহিনী একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়।
অন্যদিকে, ব্রিটিশ বাহিনী জানায়, ইরাকের দ্বিতীয় বৃহত্তর নগরী বসরায় ব্রিটিশ বাহিনী ইরাকি বাহিনীর সঙ্গে সংঘর্ষরত একটি বিদ্রোহী দলকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে ছয়জন নিহত এবং একজন আহত হয়।
ব্রিটিশ বাহিনীর মেজর টম হলোওয়ে বলেন, "আমরা ইরাকি বাহিনীর ওপর মর্টার নিক্ষেপকারী শত্র"দের ওপর নজর রাখছিলাম।" তিনি আরও বলেন, "ওই বিদ্রোহী দল ইরাকি স্থল বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০২৫ ঘ.
bdnews24