কুইটো, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া শনিবার হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এ মাসে ইকুয়েডরে চালানো বোমা হামলায় তাদের কোনো নাগরিক নিহত হয়ে থাকলে কলম্বিয়ার সঙ্গে তাদের সম্পর্কের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে।
কলম্বিয়ায় ১ মার্চে ইকুয়েডরের গেরিলা আস্তানায় কলম্বিয়ার হামলায় এক শীর্ষ বিদ্রোহী কমান্ডারসহ ২০ জনেরও বেশি নিহত হওয়ার পর কোয়েরা বোগোটার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
এই সংঘাতের ফলে আন্দিয়ান অঞ্চলে দুদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। দুদেশই একে অপরের সীমান্তে সেনা পাঠায়। কিন্তু পরে আঞ্চলিক একটি সম্মেলনের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শীতল হয়।
কলম্বিয়ার ক্ষমা প্রর্থনার পরও ইকুয়েডর এখনও তাদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেনি। উপরন্তু বোমা হামলায় কোনো ইকুয়েডরবাসী নিহত হয়ে থাকলে কলম্বিয়ার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে বলে শনিবার শাসিয়েছে।
ইকুয়েডরের বামপন্থী প্রেসিডেন্ট এক বেতার অনুষ্ঠানে বলেন, "কোনো ইকুয়েডর নাগরিক নিহতের প্রমাণ পাওয়া গেলে এর পরিণতি মারাত্মক হবে। আমরা এই হত্যাকাণ্ড বিনা শাস্তিতে ছেড়ে দেব না।"
তবে সেই শাস্তিটা কি হতে পারে সে সম্পর্কে প্রেসিডেন্ট কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৪ঘ.
bdnews24