রায়পুর,ভারত, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের ছত্তিশগড়ে মঙ্গলবার পুলিশ কমপক্ষে ১৪ জন মাওবাদী বিদ্রোহিকে হত্যা করেছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এই ১৪ জন নিহত হয় বলে জানিয়েছেন পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তবে এই সংখ্যা আরও বেশিও হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা অনিকেত গার্গী রয়টার্সকে জানান, পুলিশের একটি বিশেষ দল মাওবাদী বিদ্রোহিদের চারপাশ থেকে ঘিরে ধরে। ফলে তারা আর পালাতে পারেনি।
গরীব কৃষক এবং ভূমিহীন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে আসার দাবি করে আসছে ভারতের মাওবাদী বিদ্রোহিরা। তারা প্রায়ই পুলিশ টহলের ওপর হামলা চালায় এবং সরকারি সম্পদ ধ্বংস করে।
১৯৬০ এর দশকের শেষভাগে শুরু হওয়া মাওবাদী বিদ্রোহী তৎপরতায় ভারতে কয়েক হাজার লোক নিহত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ বিদ্রোহকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে বর্ণনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৫ঘ.
bdnews24