নিউ ইয়র্ক, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - 'আমেরিকান সোসাইটি ফর এয়েসথেটিক প্লাস্টিক সার্জারি' সোমবার এক বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে ১ কোটিরও বেশি মানুষ প্লাস্টিক সার্জারি করেছে। এর পেছনে তারা ব্যয় করেছে প্রায় ১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত দশক থেকে যুক্তরাষ্ট্রে প্লাস্টিক সার্জারির জনপ্রিয়তা বেড়েছে। ১৯৯৭ সাল থেকে প্লাস্টিক সার্জারির সার্জিকাল প্রক্রিয়ার হার বেড়েছে শতকরা ১১৪ ভাগ এবং আশ্চর্যজনক ভাবে নন সার্জিকাল প্রক্রিয়ার হার বেড়েছে ৭৫৪ ভাগ।
২০০৭ সালে প্লাস্টিক সার্জারির শতকরা মাত্র ১৮ ভাগ সার্জিকাল প্রক্রিয়া এবং ৮২ ভাগ নন সার্জিকাল প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
গত বছর প্লাস্টিক সার্জারির সার্জিকাল ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ছিল লিপোসাকসন যা ঠোঁটের সৌন্দর্য্যবর্ধনের জন্য করা হয়ে থাকে। এরকম প্রায় ৫ লাখ সার্জারি করা হয়েছে এবং প্লাস্টিক সার্জারির সার্জিকাল প্রক্রিয়ার অন্য যে বিষয়গুলোর চাহিদা বেশি ছিল সেগুলো হচ্ছে ব্রেস্ট অগমেন্টাশন, চোখের পাতা সার্জারি, টামি টাক, এবং ব্রেস্ট রিডাকশন।
অন্যদিকে, নন-সার্জিকাল বিষয়গুলোর মধ্যে এক নম্বরে ছিল বোটক্স ইনজেকশন। এই প্রক্রিয়ায় প্রায় ২৮ লাখ লোক প্লাস্টিক সার্জারি করিয়েছে। এবং দ্বিতীয় স্থানে যে প্রক্রিয়াটি রয়েছে, তা হচ্ছে হায়ালুরোনিক এসিড ইনজেকশন। প্রায় ১৪ লাখ লোকও প্রক্রিয়ায় সার্জারি করিয়েছে।
এছাড়াও জনপ্রিয় পাঁচটি প্রক্রিয়ার মধ্যে আর যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেজারের সাহয্যে লোম নির্মূল, মাইক্রোডারমাব্রাশন এবং লেজারের সাহায্যে নতুন চামড়ার প্রলেপ তৈরি করা।
২০০৬ সালের তুলনায় পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রেই প্লাস্টিক সার্জারির হার বেড়েছে। ২০০৬ সালে শতকরা একভাগ ছিল এবং ২০০৭ সালে বেড়ে দাঁড়িয়েছে শতকরা ১৭ ভাগে। এবং এ প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০০৭ সালে যারা প্লাস্টিক সার্জারি করিয়েছে তাদের মধ্যে ৯১ শতাংশই নারী।
যুক্তরাষ্ট্রে 'ফুড এন্ড ড্রাগ এডমিনেস্ট্রেশন' ১৮ বছরের আগে কোন নারীকে ব্রেস্ট অগমেন্টাশন না করার উপদেশ দিয়েছে। কিন্তু প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রেস্ট অগমেন্টাশনের প্রায় অর্ধেকই ওই বয়সের নারী।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪১২ঘ.
bdnews24