২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় ২২ ফিলিস্তিনি নিহত

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সেখানে ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সময় ২২ ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলের স্থল ও বিমানবাহিনীর টানা চারদিনের এ অভিযানে এ নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৭ জনে পৌঁছাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

গাজা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সেখানে ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সময় ২২ ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলের স্থল ও বিমানবাহিনীর টানা চারদিনের এ অভিযানে এ নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৭ জনে পৌঁছাল। ইসরায়েল মাঝে মধ্যেই গাজায় সেনা অভিযান ও তল্লাশি চালালেও গত বুধবার গাজা উপত্যকা থেকে রকেট হামলায় এক ইসরায়েলির মৃত্যুর পর বড় ধরনের এ অভিযান শুরু করে তারা। হাসপাতালের কর্মচারি এবং হামাস সূত্রে জানা গেছে, শনিবারের হামলায় নিহত ২২ জনের মধ্যে ১১ জন হচ্ছেন বেসামরিক ফিলিস্তিনি এবং বাকিরা ফিলিস্তিনি যোদ্ধা। ফিলিস্তিনি সংগঠন হামাস গত জুন মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত সেনাদের হটিয়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার গাজা উপত্যকার উত্তর এলাকা দিয়ে প্রবেশে করে ইসরায়েলের বেশ কয়েকটি হেলিকপ্টার গানশিপ এবং স্থল সেনারা যুগপৎ অভিযান শুরু করে। প্রায় সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তাদের সঙ্গে ইসরায়েলিদের সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার এ এলাকায় অভিযান চালানোর কথা নিশ্চিত করেছে। একইসঙ্গে তারা জানিয়েছে, সংঘর্ষে তাদের পাঁচ সেনা সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার ইসরায়েলে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এগুলোর মধ্যে তিনটি ছিল 'সোভিয়েত-প্রযুক্তির' ক্ষেপণাস্ত্র। স্থানীয়ভাবে নির্মিত কাশেম ক্ষেপণাস্ত্রের চেয়ে এগুলো আরও শক্তিশালী বলে জানান ওই মুখপাত্র। তিনি আরও জানান, কয়েকটি রকেট 'আশকেলন' শহরে আঘাত হানে এবং এতে তিন ইসরায়েলি সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি নেতারা বলে আসছেন, গাজা উপত্যকা থেকে তাদের ভূখণ্ডে রকেট হামলা বন্ধ করতে সেখানে সর্বাত্মক সামরিক অভিযান চালানো ছাড়া আর কোনো বিকল্প তাদের হাতে নেই। অন্যদিকে, হামাস বলে আসছে, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের পাল্টা জবাব হিসেবে তারা এ রকেট হামলা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬১০ ঘ.