আঙ্কারা/বাগদাদ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তরাঞ্চলে ১০ হাজার সেনা পাঠিয়ে বড় ধরনের স্থল অভিযান শুরুর কথা শুক্রবার জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি পিকেকে গেরিলা ঘাঁটি নির্মূল করতে তুরস্কের সেনাবাহিনী বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে স্থল অভিযান শুরু করে। স্থলসেনাদের সহায়তায় আকাশে ছিল জঙ্গিবিমানও। এ ঘটনায় তুরস্কের প্রধানমন্ত্রীকে সীমানা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি।
তুরস্ক শুক্রবার উত্তর ইরাকে অভিযানের কথা নিশ্চিত করে। তুরস্কের এনটিভি প্রতিবেদনে কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়ে জানানো হয়েছে, ইরাকে প্রবেশ করেছে তুরস্কের প্রায় ১০ হাজার সেনা।
তুরস্কের জেনারেল স্টাফ ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, "তুর্কি সশস্ত্র বাহিনী লক্ষ্য অর্জন করা মাত্র গন্তব্যে ফিরবে।" এতে বলা হয় সেনারা বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় উত্তর ইরাকে স্থল অভিযান শুরু করেছে।
বাগদাদে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি বলেছেন, তার সরকার তুরস্কের স্থল অভিযান সম্পর্কে জানত না।
ইরাকের প্রধানমন্ত্রী মালিকি তুরস্ককে ইরাকের স্বার্বভৌমত্ব রক্ষা করে চলার আহ্বান জানিয়েছেন। তিনি পিকেকে গেরিলা নির্মূলে সেনাশক্তি ব্যবহার এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন।" ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
তবে তুরস্ক বলছে, আন্তর্জাতিক আইনের আওতায় ইরাকে ঘাঁটি গাড়া পিকেকে গেরিলাদের নির্মূল অভিযান চালানোর অধিকার তাদের আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৭ঘ.
bdnews24