২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গঠনে একজোট পিপিপি-নওয়াজের দল

পাকিস্তানে সরকার গড়তে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হটাতে বৃহস্পতিবার জোট গঠনের আলোচনায় ওই অঙ্গীকার করেন প্রধান দুই বিরোধীদলের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 06:06 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- পাকিস্তানে সরকার গড়তে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হটাতে বৃহস্পতিবার জোট গঠনের আলোচনায় ওই অঙ্গীকার করেন প্রধান দুই বিরোধীদলের নেতারা। জোট গঠন নিয়ে নওয়াজের সঙ্গে বেঠকে বসেন পিপিপি নেতা জারদারি। মুশারফকে ক্ষমতা থেকে তাড়ানোর বিষয়টি পার্লামেন্টের মাধ্যমে সুরাহা করার ঘোষণা দিয়েছে পিপিপি। কিন্তু মুশাররফ ইতোমধ্যেই পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। জারদারি সাংবাদিকদের বলেছেন, "কোন প্রেসিডেন্ট এর সঙ্গে কাজ করা হবে আর কোনো প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা হবে না পার্লামেন্টই সে সিদ্ধান্ত নেবে।" ওদিকে, শরীফ বলেছেন, "সুপ্রীম কোর্টের বিচারপতিদের পুনর্বহালের বিষয়টিতে কোনোরকম ছাড় দেওয়া হবে না।" শরীফ এবং জারদারি দুজনই বলেছেন, "আমরা পাকিস্তান সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।" পিএমএল-এন নেতা নওয়াজ শরীফ সাংবাদিকদের বলেন, " আমরা সরকার গঠনে একযোগে কাজ করব।" পিপিপি'র নেতৃত্বে থাকা আসিফ আলী জারদারির সঙ্গে ইসলামাবাদে বৃহস্পতিবারের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে শরীফ একথা বলেন। জারদারিও বলেন, তিনি জাতীয় ঐকমত্যের সরকার চান যাতে করে মুশাররফপন্থী দলকে উৎখাত করা যায়। নির্বাচনে মুশাররফপন্থী দল তৃতীয় অবস্থানে রয়েছে। জারদারি আরও বলেন, "তিনি এবং নওয়াজ আরও আলোচনায় বসবেন এবং তার দলের সঙ্গে নওয়াজের দল একজোট থাকবে। তিনি বলেন, " আমরা একসঙ্গে থাকতে চাই। পার্লামেন্টেও একজোট হয়ে কাজ করতে চাই।" ওদিকে, নওয়াজ শরীফ আবারও মুশাররফকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি এবং জারদারি সব ইস্যুতেই একমত। দুজনের মধ্যে মতানৈক্যের কোনো ইস্যু নেই। বিশ্লেষকরা বলছেন, পিপিপি এবং শরীফ জোটের ফলে প্রেসিডেন্ট মুশাররফকে পদত্যাগ করতে হতে পারে। আর তা না হলে পাকিস্তান আরও বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়তে পারে। কারণ, তিনি পদত্যাগ না করায় অটল থাকলেও পার্লামেন্ট সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা চালাবে। তবে পিপিপি-পিএমএলএন-এএনপি সবার আসন মিলিয়ে একত্রে মোট ১৬৩ টি আসন হওয়ায় এ জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। অর্থাৎ পার্লামেন্ট ভোটে মুশাররফকে ক্ষমতা থেকে উৎখাত কিংবা সংবিধান পরিবর্তনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকছে তাদের হাতে। নির্বাচন কমিশন সূত্র থেকে প্রাপ্ত সর্বশেষ ফলাফলে পিপিপি ৮৭ টি, নওয়াজের পিএমএল-এন ৬৬ টি, মুশাররফপন্থী পিএমএল-কিউ ৩৯ টি, সিন্ধু ভিত্তিক মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) ১৯টি, আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ১০ টি, ইসলামপন্থীদের জোট এমএমএ ৩ টি এবং স্বতন্ত্র প্রার্থী ও অন্য ইসলামপন্থীরা মোট ৩৪ টি আসন পেয়েছেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটিতে কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে স্থানীয় পশতুন আদিবাসীদের ধর্মনিরপেক্ষ ধারার দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। এ দলের প্রয়াত নেতা খান আব্দুল গাফফার খান ওরফে সীমান্ত গান্ধী পাকিস্তানের রাজনীতিতে বিশিষ্ট ভূমিকার জন্য বিখ্যাত। পিপিপি ও নওয়াজের দলের সঙ্গে এএনপি যোগ দিলে তা মতাদর্শিক দিক থেকেও পাকিস্তানে একটি গণতান্ত্রিক সরকার এবং মৌলবাদী রাজনৈতিক ধারাকে পরাস্ত করার ক্ষেত্রে এটি অত্যন্ত শক্তিশালী জোট হবে। বিশ্লেষকদের মতে, নির্বাসন থেকে ফেরার পর থেকে যে কোনো অবস্থাতেই মুশাররফকে ক্ষমতা থেকে হটানোর ঘোষণা দিয়ে এসেছেন নওয়াজ। আর বেনজিরের দলও মুশাররফ বিরোধী অবস্থানে রয়েছে। এ অবস্থায় মুশাররফকে হটানোর প্রশ্নই পিপিপি ও নওয়াজের মধ্যে ঐক্যের মূলসূত্র হয়ে দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২০০ ঘ.