ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরোধীরা। মুশাররফ সমর্থিত ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগকে (পিএমএল-কিউ) প্রত্যাখ্যান করেছে ভোটাররা। এতে করে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র মুশাররফের ভবিষ্যৎ।
ভোট গণনা এখনও চলছে। প্রায় ১শ' টি আসনের ফল এখনও বাকী। তবে ৩৪২ আসনের জাতীয় পরিষদে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো যথেষ্ট ভোট পেয়েছে। তৃতীয় অবস্থানে আছে মুশাররফের দল। সোমবারের জাতীয় ও চারটি প্রাদেশিক পরিষদের এ নির্বাচনের এ পর্যন্ত প্রকাশিত ফলে একথা জানা গেছে।
পিএমএল দলের নেতা তারিখ আজিম খান বলেছেন, "দেশ ব্যালোটের মাধ্যমেই জবাব দিয়েছে। আমরা তাদেরকে মানিয়ে নিতে পারিনি। তারা আমাদের নীতি প্রত্যাখ্যান করেছে এবং আমরা তাদের রায় মেনে নিয়েছি।"
তিনি আরও বলেন, "দেশের স্বার্থে আমরা যে কারও সঙ্গেই কাজ করতে ইচ্চুক। অন্যথায় আমরা বিরোধীদল হিসাবে ভূমিকা পালন করতেও প্রস্তুত।"
এর আগে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বেনজিরের দল পিপিপি ব্যাপক সংখ্যক সহানুভূতি ভোট পেয়েছে এবং তারা ভাল করেছে। অন্যদিকে, পার্লামেন্টের অর্ধেক আসন থাকা জনবহুল পাঞ্জাব প্রদেশে এগিয়ে ছিল নওয়াজের দল।
সর্বশেষ গ্রিনিচ সময় ০৭২০ ঘণ্টায় ২৪১টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বেনজিরের পিপিপি ৮০টি, নওয়াজের পিএমএল-এন ৬৪টি এবং মুশাররফের সমর্থিত পিএমএল-কিউ ৩৭ আসনে বিজয়ী হয়েছে। আর বাকী আসনগুলোয় বিজয়ী হয়েছে অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
মঙ্গলবার রাতে পূর্ণ বেসরকারি ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
নওয়াজকে পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলেও তার দলের বিজয় প্রেসিডেন্ট মুশাররফের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর অন্যতম কারণ, নওয়াজ বারবারই মুশাররফের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে, মুশাররফ চেষ্টা চালিয়ে আসছেন পিপিপি ও পিএমএল-কিউ এর মধ্যে জোট গঠনের।
নির্বাচনে পিএমএল-কিউ এর এ ভরাডুবির পেছনে মুশাররফ দায়ী বলে মনে করছেন অনেকে। তাদের ধারণা, জরুরি অবস্থা জারি, বিচারকদের বরখাস্ত এবং দ্রব্যমূল্য বৃদ্ধির পাশপাশি খাদ্য ও জ্বালানি সঙ্কটের কারণে অনেক পাকিস্তানিই মুশাররফ সরকারের ওপর ছিল প্রচণ্ড ক্ষুব্ধ। আর তারই প্রতিফলন হয়েছে এ নির্বাচনে।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে আরও জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-কিউ এর সভাপতি চৌধুরী সুজাত হোসেন পাঞ্জাবে পিপিপি'র এক প্রার্থীর কাছে হেরে গেছেন। এছাড়া, পিএমএল-কিউ এর আরও কয়েকজন প্রভাবশালী নেতা এবং বিদায়ী সরকারের মন্ত্রীরাও পরাজিত হতে চলেছেন।
নির্বাচনের প্রাথমিক এ ফলাফল যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট মুশাররফ পাকিস্তানের ক্ষমতায় টিকে থাকতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। কেননা, মুশাররফ বিরোধীরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হলে তারা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাতে পারেন।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুশাররফ। পরবর্তীতে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর তিনি যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' অন্যতম মিত্রে পরিণত হন। যদিও অধিকাংশ পাকিস্তানি মনে করেন ওই সন্ত্রাসবিরোধী যুদ্ধ তাদের নয় ওয়াশিংটনের।
পাকিস্তানের জন্য সামরিক শাসন থেকে পূর্ণ বেসামরিক শাসনে উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে বিবেচিত এ নির্বাচনে ব্যাপক সহিংসতা ও জালিয়াতির আশঙ্কা করা হলেও তা মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অবশ্য, কয়েক লাখ সেনা-পুলিশ মোতায়েন করা সত্ত্বেও নির্বাচনের দিন বিভিন্ন সহিংসতায় মারা গেছে কমপক্ষে ২০ জন।
গত ২৭ ডিসেম্বর আত্মঘাতী হামলায় পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী ও পিপিপি নেত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর নির্বাচনের তারিখ পিছিয়ে ১৮ ফেব্র"য়ারি নির্ধারণ করা হয়। এর আগে ৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এলকিউ/১২৩২ ঘ.
bdnews24