২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"যুদ্ধ বাতিক" নয়, সন্ত্রাসদমনে পাকিস্তানের পদক্ষেপ চায় ভারত

"যুদ্ধ বাতিক" বাদ দিয়ে দেশের মধ্যে গড়ে ওঠা সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার পাকিস্তানকে এ আহ্বান জানায় ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সাংবাদিকদের বলেন, "এটা যুদ্ধের বিষয় নয়, এটা সন্ত্রাস এবং পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এ সন্ত্রাসবাদের বেড়ে ওঠা ও সাহায্য সহযোগিতার বিষয়"। তিনি আরও বলেন, "কেউই যুদ্ধ চায় না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 07:19 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - "যুদ্ধ বাতিক" বাদ দিয়ে দেশের মধ্যে গড়ে ওঠা সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার পাকিস্তানকে এ আহ্বান জানায় ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সাংবাদিকদের বলেন, "এটা যুদ্ধের বিষয় নয়, এটা সন্ত্রাস এবং পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এ সন্ত্রাসবাদের বেড়ে ওঠা ও সাহায্য সহযোগিতার বিষয়"। তিনি আরও বলেন, "কেউই যুদ্ধ চায় না।" গত মাসের মুম্বাই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। ওই হামলায় কমপক্ষে ১৭৯ জন নিহত হয়। এ ঘটনায় দক্ষিণ এশীয় পরমাণু সমৃদ্ধ দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি হুঁশিয়ার করে বলেছেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে সমর্থ এবং যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে জনগণও তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেছেন, পাকিস্তানের উচিৎ বিষয়টিতে নজর দেওয়া। তিনি বলেন, "এর মানে যুদ্ধ বা একে অন্যের প্রতি অঙ্গুলি নির্দেশ করে দোষারোপ করা নয়।" মুখার্জী সাংবাদিকদের বলেন, "প্রশ্ন হচ্ছে মুম্বাইয়ে যে ভয়াবহ হামলা হয়েছে তার উপকরণ পাকিস্তান থেকে এসেছে। ভারত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে।" এর আগে প্রণব মুখার্জী জানান, মুম্বাই হামলার পর পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার "সকল উপায়ই" ভারতের রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে ভারতীয় হামলা অসম্ভব কেননা এটা পাকিস্তানের চরমপন্থিদেরকে আরও শক্তিশালী করে তুলবে। এর বদলে ভারত পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে এবং এ চেষ্টায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ভারতকে সমর্থন জানাচ্ছে। তবে মুম্বাই হামলায় জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০১ ঘ.