বাগদাদ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেন, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের সেনাদের চলতি বছরের পর ইরাকে অবস্থানের বৈধতা দিতে তৈরি খসড়া আইনটি রোববার প্রত্যাখ্যান করেছে ইরাকের পার্লামেন্ট।
সুন্নি অ্যাকরডেন্স ফ্রন্টের পার্লামেন্ট সদস্য হুসেইন আল-ফাল্লুজি জানিয়েছেন, পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, কেননা তারা এটিকে ওই সমস্ত সরকারের সঙ্গে চুক্তির পরিবর্তে আইন হিসেবে দেখছে।
মার্কিন সেনাদের ইরাকে আরও তিন বছর থাকার বৈধতা দিতে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে ইরাক সরকার।
ফাল্লুজি বলেন, "আইন করে দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না, তা হওয়া উচিৎ আন্তর্জাতিক নিয়মানুযায়ী চুক্তির মাধ্যমে।"
তিনি আরও বলেন, "এ কারণেই পার্লামেন্ট এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এটা ছিল সরকারের একটা বড় ভুল।"
মার্কিনবিরোধী হিসেবে পরিচিত শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী পার্লামেন্ট সদস্য নসির আল-ইজ্জাওয়ি বলেন, "খসড়া বিলটি প্রত্যাখ্যান করে পার্লামেন্ট আজ যা করল তা জাতির জন্য একটি বড় অর্জন।"
মুকতাদা অল-সদর চাইছেন যত দ্রুত সম্ভব বিদেশি সেনারা ইরাক ছেড়ে চলে যাক।
ইজ্জাওয়ি বলেন, "আমরা চাইছি ব্রিটিশসহ সকল বিদেশি সেনারা তাড়াতাড়ি বিদায় নেবে।"
তবে বিলটি প্রত্যাখ্যান হওয়ার পর সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১০ ঘ.
bdnews24