শিকাগো, ডিসেম্বর, ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক পদগুলোতে লোক নিয়োগ অনেকটাই সেরে ফেলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা। এখন তাকে ভাবতে হচ্ছে জ্বালানি ও পরিবেশমন্ত্রী পদ নিয়ে। জলবায়ু পরিবর্তন রোধে সবচে বেশি লড়াই করে আসা নোবেল পুরস্কার প্রাপ্ত সাবেক ভাইস প্রেসিডেন্ট আল-গোরকে বাদ দিয়ে এ পদগুলো বিবেচনা করতে হচ্ছে তাকে।
জলবায়ু পরিবর্তন রোধের লড়াই এবং পরিবেশ নীতিতে বুশ প্রশাসনের থেকে ভিন্ন অবদান রাখার প্রতিশ্র"তি দিয়ে ওবামা ২০ জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন। ফলে পরিবেশ বিষয়ক পদগুলোতে আগের প্রশাসনের চেয়ে অনেক বেশি সক্রিয়, যোগ্য এবং অভিজ্ঞ লোক নিয়োগ দিতে তিনি একরকম বাধ্য।
জ্বালানিমন্ত্রী পদে 'এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি'র অ্যাডমিনিস্ট্রেটরের নাম শোনা যাচ্ছে। কিন্তু পরিবেশমন্ত্রী পদে সবার্গ্রে যার নাম করা যায় সেই আল গোর এ পদে আগ্রহী নন এবং এ নিয়ে বিতর্কে জড়িয়েছেন-- এমন কথা শোনা যাচ্ছে।
গোরের মুখপাত্র কালে ক্রেইডার বলেছেন, "ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এমনকি তিনি নির্বাচিত হওয়ার পরও আল গোর বলে এসেছেন নতুন প্রশাসনে কাজ করতে তিনি আগ্রহী নন।"
বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির বিরুদ্ধে লড়াই এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে অবদান রাখার জন্য আল গোর ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ওবামাও নির্বাচনী প্রচারাভিযানকালে গোরকে তার প্রশাসনে একটি বড় ধরনের ভূমিকায় রাখার প্রতিশ্র"তি দিয়েছিলেন।
গোরের মুখপাত্র বলেছেন, দুজনের মধ্যে নিয়মিতই কথাবার্তা হয়। তবে সে সবই ব্যক্তিগত কথাবার্তা। গোর ছাড়া পরিবেশ পদে আরেকজন সম্ভাবনাময় প্রার্থী রিপাবলিকান ক্যালিফোর্নিয়া গভর্নর আরনল্ড শোয়ার্জনেগার। কিন্তু তিনিও এ পদে আগ্রহী নন বলে জানিয়েছেন তার মুখপাত্র অ্যারোন ম্যাকলেয়ার।
তাহলে কে আসছেন এ পদে? অন্যান্যদের মধ্যে নাম শোনা যাচ্ছে ক্যারোল ব্রাউনারের। তিনি প্রেসিডেন্ট ক্লিনটনের আমলে ইপিএ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। বর্তমানে তিনি ওবামার 'এনার্জি এণ্ড এনভায়রনমেন্ট ট্রানজিশন টাস্ক ফোর্সের' দায়িত্বে আছেন। আগামী ১০ দিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে একটি সূত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৮ ঘ.
bdnews24