মস্কো, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার জানিয়েছেন, প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ভারতকে পরমাণুচালিত সাবমেরিন লিজ দিতে পারে তার দেশ।
ভারত সফরে আসার আগে ভারতের টেলিভিশন চ্যানেলকে মেদভেদেভ জানান, মুম্বাই হামলা তদন্তে ভারতকে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত।
তিনি বলেন, "সন্ত্রাসী হামলা রোধ, মুম্বাই হামলা তদন্ত ও বিশ্বব্যাপী একটি সন্ত্রাসবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করতে আমরা প্রস্তুত।"
তিনি আরও বলেন, "পরমাণু চালিত সাবমেরিন লিজ দেওয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে।"
তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র বিক্রেতা। তবে পরমাণু অস্ত্রসজ্জিত যান ও পরমাণুচালিত সাবমেরিন তারা কোনো দেশের কাছে বিক্রি করে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৫১৭ ঘ.
bdnews24