২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পাকিস্তানকে রাইসের আহ্বান

মুম্বাই হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে বুধবার নয়াদিল্লি পৌঁছেছেন রাইস। ইউরোপ সফর সংক্ষিপ্ত করে রাইস ভারতে গেছেন। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, "এই সময় সকলের বিশেষ করে পাকিস্তানের উচিৎ সহযোগিতার ভিত্তিতে এবং স্বচ্ছভাবে কাজ করা।" তিনি আরও বলেন, "আমি বলেছি, এই সংকট সমাধানে পাকিস্তানের তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার।" মুম্বাই হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে না--- ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি একথা বললেও তিনি এও বলেছেন যে, এ হামলায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখা কঠিন হবে। আর দেশের নিরাপত্তা হুমকিগ্রস্ত হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও ভারতের আছে। সোমবার পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে ভারত অবিলম্বে মুম্বাই হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। হামলাকারীরা পাকিস্তানে কয়েক মাসের কমান্ডো প্রশিক্ষণের পর মুম্বাইয়ে এসে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভারতের তদন্তকারীরা। মঙ্গলবার এনডিটিভিকে প্রণব মুখার্জী বলেন, "মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান পর্যাপ্ত ব্যবস্থা না নিলে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা বিশেষ করে শান্তি প্রচেষ্টা চালানো কঠিন হবে।" ওদিকে, পাকিস্তান হামলায় কোনওরকম সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। দুদেশের এই দন্দ্বের মধ্যে ভারত সফর করছেন রাইস। তার সফরের আগে হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো এক বিবৃতিতে বলেছিলেন, "ভারতের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করা এবং অপরাধীদের খুঁজে বের করার জন্য ভারতের সঙ্গে কাজ করার প্রতিশ্র"তির অংশ হিসাবেই রাইসের এ সফর।" প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই যোগাযোগ রক্ষা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ বিষয়টিই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাককরম্যাক জানান, ভারতে যাওয়ার জন্য ইউরোপ সফরসূচি পরিবর্তন করেন রাইস। তিনি রোম সফর এবং 'অর্গানাইজেশন অফ সিকিউরিটি অ্যান্ড কোপারেশন ইন ইউরোপের সঙ্গে বৈঠক বাতিল করেন। ম্যাককরম্যাক সাংবাদিকদের বলেন, "ভারত সরকার ও জনগণের প্রতি মার্কিন জনগণের সমবেদনা পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করার জন্য দিল্লি যাওয়াটা এ মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।" মুম্বাই হামলার পর নিরাপত্তা রক্ষায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির দুর্বলতা নিয়ে বিরোধীদলের সমালোচনার মুখে রয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারত সফরকালে তার সঙ্গে দেখা করার কথা রয়েছে রাইসের। ওদিকে, সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মাইক মুলেনেরও। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ দূর করতে সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য মুলেন নেতাদের উৎসাহিত করার চেষ্টা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/এফএইচবি/১৭৩০ ঘ.