মুম্বাই, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মুম্বাই হামলাকারীদের মধ্যে বেঁচে থাকা জঙ্গি আজম আমির কাশাব বলেছে, সে পাকিস্তানে কমান্ডো-স্টাইলে প্রশিক্ষণ নিয়েছে। লস্কর-ই-তৈয়্যবার পরিচালনায় পাকিস্তানের সাবেক এক সেনা কর্মকর্তা এই প্রশিক্ষণ দিয়েছেন। হামলা তদন্তকারী দুই ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।
ওই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, "জঙ্গিটি বলেছে, অস্ত্র চালনা, বোমা বানানো, আত্মরক্ষার কৌশল, সামুদ্রিক পরিবেশে বেঁচে থাকা এবং এমনকি খাদ্যাভ্যাসসহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি ধাপে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।"
তিনি জানান, কাশাবের বয়স মাত্র ২১ বছর। সে চোস্ত ইংরেজি বলে। হামলার সময় তোলা ছবিতে দেখা গেছে, তার গায়ে ছিল ভার্সাচির লোগো আঁকা কালো রঙের টি শার্ট। সে জানিয়েছে, তারা পাকিস্তানে তাদের কাছ থেকে নির্দেশনা পেয়েছে।
২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার জন্যও লস্কর-ই-তৈয়্যবাকে দায়ি করা হয়ে থাকে।
পাকিস্তান লস্কর ও অন্যান্য ইসলামি জঙ্গি দলগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করে আসছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকে বলছেন, অতীতেও লস্করের সঙ্গে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থার গভীর সম্পর্ক দেখা গেছে।
মুম্বাই হামলাকারী ১০ জঙ্গি বুধবার সাগরপথে একটি ডিঙ্গিতে করে মুম্বাইর তীরে নামে। পরে চারটি দলে ভাগ হয়ে দুটি অভিজাত হোটেল, রেলস্টেশন, ইহুদি সেন্টারসহ মোট ১০টি স্থানে হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ১৮৩ জন নিহত হয়েছে।
ওদিকে, কমান্ডোরাও জানিয়েছেন, হামলাকারীদের অবশ্যই সেনা প্রশিক্ষণ ছিল এবং তারা হোটেলের নকশা সম্পর্কে খুব ভালো করে জানতো।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ডেপুটি কমিশনার বলেছেন, হোটেলের ওয়েবসাইটতেই এর বিস্তারিত নকশা দেওয়া ছিল। সেখান থেকেই হয়তো জঙ্গিরা নকশাটি আয়ত্ত করে নেয়।
জঙ্গিদের মুম্বাইয়ে অ্যপার্টমেন্ট ভাড়া করা অথবা বাস করার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। তবে হামলার ধরণ দেখে মনে হয়েছে তারা স্থানীয় কারো সহায়তা পেয়েছে।
স্থানীয়দের সহায়তা ছাড়া নারিম্যান হাউজ ও ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করা সম্ভব নয় বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
তিনি বলেন, "নারিম্যান হাউজ প্রধান সড়কেও নয়। নির্দিষ্ট করে নির্দেশনা না থাকলে কারো পক্ষে এটা খুঁজে বের করা সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫২৪ ঘ.
bdnews24