তেহরান, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননের শিয়া দল হিজবুল্লাহ গেরিলাদের প্রধান সমর্থক ইরান মঙ্গলবার ইসরায়েলকে মোকাবেলায় লেবাননের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় ইরনা বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরান সফররত লেবাননের প্রেসিডেন্ট মাইকেল সুলায়মানের সঙ্গে বৈঠককালে ওই মন্তব্য করেন। সুলায়মান দুদিনের সফরে গত সোমবার ইরানে পৌঁছেন।
খামেনি বৈঠকে সুলায়মানকে বলেন, "লেবাননের ক্ষমতা এবং ঐক্য ধরে রাখতে ইহুদি রাষ্ট্রটির (ইসরায়েল) বিপদ মোকাবেলায় লেবানিজ দলগুলোর সক্ষমতা কাজে লাগানো উচিত বলে ইরান মনে করে।"
লেবাননে মার্কিন-সমর্থিত সরকার এবং হিজবুল্লাহর নেতৃত্বধীন বিরোধীদলের মধ্যে ১৮ মাসের অচলবস্থার পর মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে মারোনাইট খ্রিস্টান সুলায়মান প্রেসিডেন্ট নির্বাচিত হন।
লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতির আওতায় প্রেসিডেন্ট হন একজন খ্রিস্টান এবং অন্যান্য শীর্ষ পদগুলো পায় সুন্নি, শিয়া মুসলিম এবং দ্রুজ সদস্যরা।
প্রেসিডেন্টের নেতৃত্বে বিভিন্ন লেবানিজ দলের মধ্যে আলোচনা অনুষ্ঠান করাটা ইতিবাচক উল্লেখ করে খামেনি বলেন, জাতীয় ঐক্যের ওপরই লেবাননের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে। একইসঙ্গে লেবাননকে ওই অঞ্চলের বন্ধুপ্রতীম ও ভাতৃতুল্য দেশ অভিহিত করে তিনি বলেন, "ইরানের অধ্যাত্মিক সমর্থন তারা সবসময়ই পাবে।"
উল্লেখ্য, ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের ৩৪ দিনের লড়াইয়ের জন্য তেহরান দলটিকে বাহবা দিয়ে আসছে। হিজবুল্লাহকে ইরান অস্ত্র দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে ইরান বলেছে, তারা কেবল হিজবুল্লাহদেরকে নৈতিক ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ ঘ.
bdnews24