সউল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার শিল্পাঞ্চল কায়েসং থেকে কতজন দক্ষিণ কোরীয়কে প্রত্যাহার করে নিতে হবে তা নিয়ে মঙ্গলবার আলোচনা করছে দুই কোরিয়া। ১ ডিসেম্বর দক্ষিণের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার পাশাপাশি কায়েসংয়ের শিল্পাঞ্চলে দক্ষিণ কোরিয়ার কারখানাগুলোর ব্যবস্থাপকদেরও বহিষ্কার করার ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া।
এরপর এক সপ্তাহ বাকি থাকতেই এ বিষয়ে আলোচনায় বসল দক্ষিণ কোরিয়া।
কায়েসং শিল্পাঞ্চলে প্রায় ৯০টি দক্ষিণ কোরীয় কোম্পানির কারখানা রয়েছে এবং সেখানে প্রায় ৩৩ হাজার উত্তর কোরীয় শ্রমিক কাজ করে। গত অর্ধশতাধিক বছর ধরে বিভক্ত দুই কোরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা হচ্ছিল একমাত্র কায়েসংয়েই।
শিল্পাঞ্চলটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত।
কারখানাগুলো সচল রাখতে কর্মরত ১ হাজার ৬শ' দক্ষিণ কোরীয়র মধ্যে কতজন থাকার প্রয়োজন রয়েছে এ বিষয়েই মঙ্গলবারের বৈঠকে আলোচনা হচ্ছে।
দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হো-নিয়ন এক ব্রিফিংয়ে বলেন, " কায়েসং থেকে কতজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে এবং কতজন সেখানে অবস্থান করবে এর তালিকা চেয়েছে উত্তর কোরিয়া। এছাড়া ওখানে চলাচলকারী গাড়িরও তালিকা চেয়েছে তারা।"
উত্তর কোরিয়া প্রেসিডেন্ট লি'র নীতির প্রতি বিদ্বেষ প্রকাশের অংশ হিসেবে সোমবার দক্ষিণ কোরীয়দের বহিষ্কার, সীমান্ত এবং কায়েসংয়ে পর্যটক প্রবেশ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
গত ফেব্র"য়ারিতে দক্ষিণ কোরিয়ায় রক্ষণশীল লি মাইউং-বাক প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দুই অংশের মধ্যে উদ্বেগ বেড়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা হাতিয়ে নেওয়ার জন্য পিয়ংইয়ং লি'র ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।
সউলের 'সেজং ইনস্টিটিউট' এর উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ পেইক হাক-সুন বলেন, "উত্তর কোরিয়া কখনোই কায়েসং বন্ধ করে দিতে পারবে না।"
"উত্তর কখনোই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকিয়ে ফেলবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৫৯ ঘ.
bdnews24