কিনশাসা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর তুতসি বিদ্রোহিরা নর্থ কিভু প্রদেশে যুদ্ধের সম্মুখ সারি থেকে সরে পড়ায় সংকট নিরসনে শান্তি আলোচনার দ্বার খুলে যাওয়ার আশা জেগে উঠেছে।
জাতিসংঘের শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বিদ্রোহিরা নর্থ কিভু প্রদেশে যুদ্ধক্ষেত্র থেকে দেশের দক্ষিণে সরে যাচ্ছে বলে বুধবার জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর এক মুখপাত্র।
বিদ্রোহী নেতা জেনারেল লর্যাঁ নকুনদা শান্তি আলোচনায় যোগ দেবেন ও যুদ্ধবিরতি মেনে চলবেন বলে গত রোববার জাতিসংঘ দূতের কাছে অঙ্গীকার করেন। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে তিনি সরাসরি আলোচনার দাবি জানিয়েছেন।
জাতিসংঘ দূত নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবেসানজোর সঙ্গে আলোচনার পর বিদ্রোহী যোদ্ধাদের যুদ্ধাবস্থান থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন নকুনদা।
শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র লে. কর্নেল জ্যাঁ-পল ডিয়েট্রিস বার্তা সংস্থাকে বলেন, "গতকাল সন্ধ্যা থেকে বিদ্রোহিদের সরে যাওয়া শুরু হয়েছে।"
শান্তিরক্ষী বাহিনী তাদের চলে যাওয়া পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, "ইতোমধ্যে "শত শত" বিদ্রোহীকে প্রত্যাহার করা হয়েছে।
তবে নকুনদার বাহিনী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমার মাত্র ১৫ কিলোমিটার দূরের কৌশলগত অবস্থানটি ছেড়ে যাচ্ছে না। নকুনদার পক্ষ এই পরিকল্পিত প্রত্যাহার সম্পর্কে যে বিবৃতি দিয়েছিল সেখানে ওই অঞ্চলটির কোন উল্লেখ ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এফএইচবি/২০৩০ ঘ.
bdnews24