কিনশাসা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে কঙ্গোর তুতসি বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশে যুদ্ধাবস্থান থেকে দেশের দক্ষিণের দিকে সরে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর একজন মুখপাত্র বুধবার এই তথ্য জানিয়েছেন।
বিদ্রোহী নেতা জেনারেল লর্যাঁ নকুনদা শান্তি আলোচনায় যোগ দেবেন ও যুদ্ধবিরতি মেনে চলবেন বলে গত রোববার জাতিসংঘের একজন দূতের কাছে অঙ্গীকার করেন।
শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র লে. কর্নেল জ্যাঁ-পল ডিয়েট্রিস বার্তা সংস্থাকে বলেন, "গতকাল সন্ধ্যা থেকে বিদ্রোহীদের সরে যাওয়া শুরু হয়েছে।"
শান্তিরক্ষী বাহিনী তাদের চলে যাওয়া পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, "ইতিমধ্যে "শত শত" বিদ্রোহীকে প্রত্যাহার করা হয়েছে।
তবে নকুনদার বাহিনী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমার মাত্র ১৫ কিলোমিটার দূরের কৌশলগত অবস্থানটি ছেড়ে যাচ্ছে না। নকুনদার পক্ষ এই পরিকল্পিত প্রত্যাহার সম্পর্কে যে বিবৃতি দিয়েছিল সেখানে ওই অঞ্চলটির কোন উল্লেখ ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৪ ঘ.
bdnews24