গাজা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলি হামলায় রোববার ৪ ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েলে ফিলিস্তিনি রকেট হামলা চলতে থাকলে হামাস নিয়ন্ত্রিত গাজায় সেনা অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
ওলমার্ট তার মন্ত্রিসভাকে বলেন, আমি নিরাপত্তা প্রধানদেরকে তাদের প্রস্তাব যত দ্রুত সম্ভব আমার কাছে দিতে বলেছি। যাতে করে প্রয়োজনবোধে ধারাবাহিক কর্মপরিকল্পনায় সরকারি অনুমোদনের ব্যবস্থা নেওয়া যায়।
তবে ওলমার্ট অবিলম্বে জোরালো সেনা অভিযানে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন বলে মনে করা হচ্ছে। কারণ তিনি বলেছেন, উত্তেজনা বাড়লেও কিংবা রক্ত গরম হলেও তার সরকার পরিস্থিতি যাচাই করে ধীরস্থির ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ওলমার্ট আরও বলেন, আপাত শান্ত অবস্থার মধ্যে ইসরায়েল রকেট হামলা মেনে নিতে পারে না। তবে এর পরিপ্রেক্ষিতে ওলমার্ট প্রকাশ্যে মিসরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে হামাসের ৫ মাসের যুদ্ধবিরতির অবসান ঘোষণা করা থেকে বিরত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৬ ঘ.
bdnews24