পার্থ, ১৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেলের দাম বৃহস্পতিবার আরও কমে গিয়ে ব্যারেলপ্রতি ৫৫ ডলারে দাঁড়িয়েছে। পরপর তৃতীয় দিনের মতো দরপতন ঘটে ২২ মাসের মধ্যে সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে এই তরল জ্বালানি।
আগের দিন বুধবার তেলের দাম ২০ মাসের মধ্যে সবচেয়ে কম- ব্যারেল প্রতি ৫৮ ডলারেরও নিচে নেমে যায়।
তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক-এর কর্মকর্তা বলেছেন, দাম বাড়ানোর লক্ষ্যে আলজেরিয়ায় আগামী মাসে ওপেকের বৈঠকে সরবরাহ দৈনিক আরও এক মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কিন্তু এরকম খবরেও দাম পড়ে যাওয়া ঠেকানো যাচ্ছে না। গত মধ্য-জুলাইয়ে দাম ছিল ১৪৭ ডলারেরও বেশি। সেই থেকে বুধবার পর্যন্ত সাড়ে তিন মাসে ৬০ শতাংশেও বেশি দাম হারিয়েছে এই তরল সোনা।
যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত হালকা অশোধিত তেলের দাম বৃহস্পতিবার ৯৫ সেন্ট কমে ৫৫ দশমিক ২১ ডলারে বিক্রি হয়েছে। দিনের শুরুর দিকে দাম ছিল আরো কম- ৫৪ দশমিক ৬৭ ডলার। গত বছরের ৩০ জানুয়ারির পর এত কম দামে আর তেল বিক্রি হয়নি।
লন্ডন ব্রেন্ট ক্রুডের দামও ১ দশমিক ০২ ডলার পড়ে গিয়ে ৫১ দশমিক ৩৫ ডলারে বিক্রি হয়।
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক ডেভিড মুর বলেছেন, "বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিয়ে পড়ায় তেলের চাহিদাও কমে যাওয়ার আশঙ্কার কারণে দামের এই পতন ঘটছে।"
বুধবার একই রকম মন্তব্য করেছিলেন কেনাবেচার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এমএফ গ্লোবালের রব লাফলিন। তিনি বলেন, "বিশ্বব্যাপী মন্দার শঙ্কা দিন দিন বাড়তে থাকায় বাজারের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। তেলের চাহিদাও পাল্লা দিয়ে কমে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২৪ ঘ.
bdnews24