শিকাগো, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা দ্রুত তার পারিষদবর্গ ঠিক করার কাজে নেমে পড়েছেন। মঙ্গলবার ফলাফল নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য র্যাম অ্যামানুয়েলকে হোয়াইট হাউজে তার কর্মকর্তাদের প্রধানের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন।
সূত্র জানায়, ওবামার ঘনিষ্ঠ সঙ্গীদের একজন, ৪৮ বছর বয়সী অ্যামানুয়েল প্রস্তাবটি গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। ওবামার নিজ শহর শিকাগোর এই ডেমোক্র্যাট আইনপ্রণেতা ওই দায়িত্ব নিলে তিনি ওভাল অফিসে বিভিন্ন বিষয়ে মতামত প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন।
ওবামা তার প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্বসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কাকে নিয়োগ দিচ্ছেন সে ঘোষণা বৃহস্পতিবারের মধ্যেই দেওয়া হতে পারে। চিফ অব স্টাফ পদে অ্যামানুয়েলের নিয়োগের বিষয়টিও তখন জানানোর সম্ভাবনা রয়েছে।
অর্থমন্ত্রীর পদে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট টিমোথি গিদনার, সাবেক অর্থমন্ত্রী লরেন্স সামারস এবং সাবেক ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান পল ভোলকারের নাম শোনা যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর জন কেরি, সাবেক কূটনীতিক রিচার্ড হলব্র"ক, রিপাবলিকান দলের বিদায়ী সিনেটর চাক হ্যাগেল ও জর্জিয়ার সাবেক ডেমোক্র্যাট সিনেটর স্যাম নানের নাম তালিকায় রয়েছে।
এছাড়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের জন্য সাবেক ক্লিনটন উপদেষ্টা জেমস স্টেইন বার্গ ও ক্লিনটনের সহযোগী সুসান রাইসের নাম শোনা যাচ্ছে।
হোয়াইট হাউজ বা পররাষ্ট্র বিভাগেরর গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন ওবামার নির্বাচনী প্রচারণায় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হিসেবে কাজ করা তিন সহযোগী- মার্ক লিপার্ট, ডেনিম ম্যাকডোনাফ ও বেন রোডস।
ইরাক ও আফগান যুদ্ধ চলার প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রীর পদে বর্তমান দায়িত্ব পালনকারী রবার্ট গেটসকেই বহাল রাখতে পারেন ওবামা। তবে এক্ষত্রে সাবেক নৌ-মন্ত্রী রিচার্ড ড্যানজিংকেও দায়িত্ব দেয়া হতে পারে।
এছাড়া, হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদেও পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউজের প্রেস সচিব হিসেবে ওবামার যোগাযোগ উপদেষ্টা রবার্ট গিবসের নাম আলোচিত হচ্ছে।
নিজ প্রশাসন গড়ে তুলতে ওবামার হাতে সময় খুব কম। আগামি ২০ জানুয়ারি শপথ নেওয়ার মাধ্যমে তিনি হোয়াইট হাউজে প্রবেশ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৫১৫ ঘ.
bdnews24