২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুথফেরত জরিপে জয়ের পাল্লা ওবামার দিকে

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্র ফেরত জরিপে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বারাকা ওবামা। সিএনএন পরিচালিত জরিপে ৬৩ ভাগ ভোটার জানিয়েছে, তারা ওবামাকে ভোট দিয়েছে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে ভোট দিয়েছে ৩৬ ভাগ ভোটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 11:12 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স/সিএনএন)- যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্র ফেরত জরিপে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বারাকা ওবামা। সিএনএন পরিচালিত জরিপে ৬৩ ভাগ ভোটার জানিয়েছে, তারা ওবামাকে ভোট দিয়েছে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে ভোট দিয়েছে ৩৬ ভাগ ভোটার। সিএনএন জরিপের ফল অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে ৭৩ ভাগ ওবামাকে ভোট দিয়েছে বলে জানিয়েছে। আর এই ভোটারদের মধ্যে ২৭ ভাগ সমর্থন দিয়েছে ম্যাককেইনকে। এছাড়া এবারের নির্বাচনে অর্থনৈতিক বিষয় গুরুত্ব পেয়েছে ৬২ ভাগ ভোটারের কাছে। আর ইরাক যুদ্ধ এবং সন্ত্রাসবাদের ইস্যু গুরুত্ব পেয়েছে যথাক্রমে ১০ ও ৯ ভাগ ভোটারের কাছে। যুক্তরাষ্ট্রের বর্তমান অজনপ্রিয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উত্তরসূরী নির্বাচনে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে ভোটাররা। ঐতিহাসিক এ নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচনে ১৯৬০ সালের পর এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ভোট শুরু হওয়ার আগেই ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় দুই কোটি ৯০ লাখ ভোটার আগাম ভোট দেয়। ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার (৪৭) নিজ রাজ্য ইলিনয়ে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে শিকাগোর একটি কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সর্বশেষ প্রচারণা চালাতে তিনি ইন্ডিয়ানায় যান। রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইন (৭২) ভোট দেন নিজ রাজ্য অ্যারিজোনার ফিনিক্সে। ভোট দেওয়ার পর সিবিএস নিউজকে তিনি বলেন, "ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা জোর লড়াই চালিয়ে যাব।" ওবামার রানিংমেট দেলাওয়ারের সিনেটর জো বাইডেন এবং ম্যাককেইনের রানিংমেট আলাস্কার গভর্নর সারাহ পেলিন তাদের নিজ নিজ রাজ্যে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাট দলে ওবামার সাবেক প্রতিদ্বন্দ্বী বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন নিউ ইয়র্কের চাপাকুয়ায় ভোট দেন। নিউ ইয়র্কের সিনেটর হিলারি ভোট দেওয়ার পর বলেন, "বিরাট ব্যবধানে জিততে চলেছেন বারাক ওবামা।" দিনের প্রথম ভোট শুরু হয় নিউ হ্যাম্পশায়ারের দুটি ছোট শহরে। সোমবার রাত ১২টার পরপরই অর্থাৎ মঙ্গলবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়া ওই ভোটের ফলাফলও জানিয়ে দেওয়া হয়। দুটিতেই জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। প্রথা অনুযায়ী, গত ৬০ বছর ধরে ডিক্সভিল নচ নামের শহরটিতে সারাদেশের মধ্যে প্রথম ভোটগ্রহণ শুরু হয়। এবার এখানে ভোটার সংখ্যা ছিল ২১ জন। সবাই ভোট দেন। ২১ জনের মধ্যে ওবামাকে ভোট দেন ১৫ জন এবং জন ম্যাককেইনকে ৬ জন। ২০০৪ সালে পুনর্র্নিবাচিত হওয়ার সময় এখানে জিতেছিলেন জর্জ ডব্লিউ বুশ। ১৯৬৮ সালের পর ছোট্ট এই শহরটিতে এবারই প্রথম জিতল ডেমোক্র্যাটরা। নিউ হ্যাম্পশায়ারের আরও একটি ছোট শহর হার্টস লোকেশনেও ঐতিহ্য মেনে একই সময়ে ভোট নেওয়া হয়। এখানেও ওবামা প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনকে সাত ভোটে হারান। মোট ২৭ ভোটের মধ্যে ওবামা পান ১৭ এবং ম্যাককেইন ১০ ভোট। নির্বাচন শুরু হওয়ার আগের দিন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে ছিলেন ওবামা। মঙ্গলবারের নির্বাচনে জিতলে ইতিহাস সৃষ্টি করে তিনি হবেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তবে জনমত জরিপ ভুল প্রমাণিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন- এমন জোরালো আশাবাদ প্রকাশ করেছেন ম্যাককেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/০৫০৫ ঘ.