ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের সবকয়টি এবং সিনেটের ১০০ আসনের ৩৫টিতে ভোটগ্রহণ হবে। জনমত জরিপ বলছে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রতি জনগণের বিতৃষ্ণায় ভর করে ডেমোক্র্যাটরা এবার মার্কিন কংগ্রেসে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।
প্রেসিডেন্ট পদে বারাক ওবামাও যদি জিতে যান তবে জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশনের মাধ্যমে ডেমোক্র্যাটরা নির্বাচনী প্রচারণায় তাদের অঙ্গীকারগুলো সহজেই পাশ করিয়ে নিতে পারবে।
ভোটারদের কাছে তাদের প্রতিশ্র"তির তালিকাটিও ছোট নয়। ইরাক থেকে সেনা প্রত্যাহার, ধনীদের ওপর থেকে বুশের কর কমানোর কর্মসূচি থেকে সরে এসে উল্টো কর বাড়ানো এবং তীব্র অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নানা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্র্যাটরা।
বর্তমানে মাত্র ২ সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় (৫১-৪৯) সিনেট নিয়ন্ত্রণ করছে ওবামার ডেমোক্র্যাট দল। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণটি অবশ্য বেশ দৃঢ়। ২৩৫টি আসন তাদের বাকি ১৯৯টি রিপাবলিকানদের।
আশা করা হচ্ছে মঙ্গলবারের নির্বাচনের মধ্য দিয়ে সিনেটে আসনসংখ্যা ৬০ ছুঁতে পারবে ডেমোক্র্যাটরা। আর তাহলেই সিনেটে বিধি-বিধান পাশের ক্ষেত্রে রিপাবলিকান সদস্যদের বাধার দেয়াল ডিঙিয়ে যেতে পারবে তারা।
তবে ডেমোক্র্যাটরা যত বেশি আসনেই জিতুক না কেন কেন্দ্রের রেকর্ড পরিমাণ আর্থিক ঘাটতি এবং মার্কিন অর্থনীতির জীর্ণ দশার কারণে স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন ও পূনঃনবায়ন সম্ভব আধুনিক জ্বালানি প্রযুক্তির মতো কর্মসূচিগুলোতে বরাদ্দ বাড়ানোর কর্মসূচি কাটছাঁট বা একেবারেই বাদ দিতে হবে ডেমোক্র্যাটদের।
ওবামা গত শনিবার দলের সাপ্তাহিক ভাষণে বলেছেন, "কাজটি সহজ নয়। এসব পরিকল্পনা রাতারাতি বাস্তবায়ন করা যাবে না। তবে আমাদের পক্ষে এগুলো করা সম্ভব। কারণ আমি আমেরিকার শক্তিতে বিশ্বাস রাখি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৮ ঘ.
bdnews24