নয়াদিল্লি, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখতে মুদ্রা ও আর্থিক খাতে পদক্ষেপ নেওয়াসহ প্রয়োজনীয় সবকিছুই করবে ভারত। বিশ্ব আর্থনৈতিক সংকটের অভিঘাত যতটা ভাবা হয়েছিল তার চেয়ে আরও মারত্মক এবং দীর্ঘস্থায়ী হতে পারে বলে মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার একথা বলেছেন।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক 'রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া' শনিবার দু'সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অপ্রত্যাশিতভাবে এর প্রধান স্বল্পমেয়াদী ঋণের সুদ কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপে এটি স্পষ্ট যে, বিশ্ব আর্থনৈতিক সংকটের প্রভাব এখানে আরও মারাত্মক হচ্ছে।
নতুন দিল্লিতে ব্যবসায়ীদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "আমি আপনাদের প্রত্যেককে নিশ্চিত করে বলতে চাই যে, আভ্যন্তরীণ প্রবৃদ্ধি ধরে রাখতে প্রযোজনীয় সব মুদ্রা ও আর্থিক নীতিমালা গ্রহণ করা হবে।"
সিং বলেন,"আন্তর্জাতিক অঙ্গনে সংকট কাটিয়ে ওঠার জন্য আমরা অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং সমন্বিত নীতিমালা ও উন্নয়ন সহযোগিতা বাড়ানো হচ্ছে।"
গত তিন অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল প্রায় ৯ শতাংশ বা তার ওপরে। কিন্তু ধারণা করা হচ্ছে, এ বছর অর্থনৈতিক মন্দার কারণে রপ্তানী কমে যাওয়ায় তা ৮ শতাংশে নেমে আসতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, "সবমিলিয়ে সরকার খুব নিবিড়ভাবে সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে এবং অর্থনীতির প্রবৃদ্ধি হারকে যুক্তিসঙ্গত পর্যায়ে ধরে রাখতে নিজের ভূমিকা সম্পর্কে সরকার সম্পূর্ণ সজাগ রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24