বাগদাদ, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক সরকার সাবেক শাসক সাদ্দাম হোসেনের একটি বিলাসবহুল প্রমোদতরী বিক্রি করে দেবে। প্রমোদতরীটি ফ্রান্সের পর্যটন শহর নিসের বন্দরে নোঙ্গর করা রয়েছে। উর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন।
২৭০ ফুট লম্বা ওশেন ব্রিজ নামের তরীটি তিন কোটি ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
তরীটির ওপর হেলিকপ্টার নামতে পারে, আছে অস্ত্রোপচারের ছোটখাটো অপারেশন থিয়েটার, স্নানঘরের কলগুলি সোনার তৈরি। তরীটি থেকে সরে পড়ার গোপন পথও রয়েছে। ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস জানিয়েছে এসব তথ্য।
সরকারের মুখপাত্র আলী দেবাগ বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তরীটি বিক্রি করা হবে। ফ্রান্সের একটি আদালতে এর মালিকানা নিয়ে আইনি লড়াই শেষ হয়েছে। রায় এসেছে ইরাক সরকারের পক্ষে।
মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের কয়েক দশকের শাসনের অবসান হয়। ২০০৬ সালে তাকে ফাঁসি দেওয়া হয়।
২০০৩ সালে দক্ষিণ ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় সাদ্দামের আরেকটি প্রমোদতরী আল মনসুর ধ্বংস হয়ে যায়।
বিত্তবৈভব আর বিলাসিতার জন্য ব্যাপক পরিচিত ছিলেন সাদ্দাম। মার্বেল পাথরের কাজের আধিক্য ছিল তার প্রাসাদগুলোতে। সোনায় মোড়া আসবাবপত্র আর প্রাসাদ-বাগানের চাকচিক্য ছিল বিস্ময়কর।
২০০৩ সালের অভিযানের পর মার্কিন বাহিনীর হিসাব অনুযায়ী সাদ্দাম ও তার পরিবারের অবৈধ সম্পদের পরিমাণ ছিল চার হাজার কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/০১২২ ঘ.
bdnews24