লাস ভেগাস, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা তার এক আত্মীয়ের অবেধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান সম্পর্কে কিছু জানেন না। ওবামার এক ফুপু অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বার্তা সংস্থা এপির এমন খবরের প্রতিক্রিয়ায় শনিবার তার প্রচার শিবিরের কর্মকর্তারা একথা জানিয়েছে। তবে একইসঙ্গে তারা জানিয়েছেন যে, কেনীয় বংশোদ্ভুত কৃষ্ণাঙ্গ আমেরিকান ওবামা মনে করেন, যথাযথ নিয়ম মেনেই সবকিছু করা উচিৎ। (আরও তথ্যসহ)
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, চার বছর আগে ওবামার ওই আত্মীয়কে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এক অভিবাসন বিচারক তার রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা নাকচ করে দেওয়ার পর ওই নির্দেশ দেওয়া হয়। কিন্তু আইন অমান্য করে এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
ওবামার ৫৬ বছর বয়সী ওই আত্মীয়ের নাম জয়তুনি ওনিয়াঙ্গো। ওবামা এক আত্মকথায় তার প্রয়াত পিতার এই সৎবোন সম্পর্কে লিখিছিলেন এবং সেখানে তাকে "জয়তুনি ফুপু" হিসেবে উল্লেখ করেছেন। তিনি এখন বোস্টনের একটি সরকারি আবাসন প্রকল্পে বসবাস করছেন।
ওবামার শিবিরের মুখপাত্র বলেন জেন সাকি, "সিনেটর ওবামা তার অভিবাসী মর্যাদা সম্পর্কে কিছু জানেন না তবে তিনি অবশ্যই মনে করেন যে, যে কোনো এবং সব আইন যথাযথভাবে মেনে চলা উচিৎ।"
এ প্রতিক্রিয়ার পাশাপাশি নির্বাচনের মাত্র তিনদিন আগে সংবাদ মাধ্যমে এ বিষয়টি প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে ওবামার প্রচার শিবির।
ওবামার প্রধান গণমাধ্যম কৌশল নির্মাতা ডেভিড আক্সেলরড বলেন, "আমি মনে করি একটি জাতীয় নির্বাচনের ৭২ ঘন্টা আগে প্রকাশিত এমন সংবাদ সম্পর্কে সন্দিহান থাকবে জনগণ।"
ওদিকে, ওই খবর সম্পর্কে কোনো নির্দিষ্ট সূত্রের নাম উল্লেখ করেনি এপি। প্রতিবেদনটিতে নাম উল্লেখ না করে যে দুই কর্মকর্তার কথা বলা হয়েছে তাদের একজন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা। বুশ প্রশাসনের কোনো রাজনৈতিক নেতা কিংবা ম্যাককেইন শিবিরের কেউ এ খবর প্রকাশের সঙ্গে জড়িত কি না সে বিষয়েও কিছু জানায়নি এপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২৫ ঘ.
bdnews24