২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে সিরিজ বোমা হামলায় ৬৮ জন নিহত

আসামের রাজধানী গৌহাটি ও অন্য তিনটি শহরে বৃহস্পতিবার প্রায় একই সময়ে চালানো ১১টি বোমা হামলায় কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩৫ জন। পুলিশ একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

গৌহাটি, আসাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসামের রাজধানী গৌহাটি ও অন্য তিনটি শহরে বৃহস্পতিবার প্রায় একই সময়ে চালানো ১১টি বোমা হামলায় কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩৫ জন। পুলিশ একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-৩) হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় টেলিভিশনে দেখানো হয়, হামলার পর রক্তমাখামাখি অবস্থায় অনেক লোক রাস্তায় পড়ে আছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গৌহাটির একটি হামলাস্থলে গাড়ি ও মোটরসাইকেলের ধ্বংসাবশেষের আগুন নেভায় দমকল বাহিনী। এই শহরে একটি হামলা চালানো হয়েছে কঠোর নিরাপত্তা বিধান করা আদালত ভবন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসস্থান এলাকায়। তবে বেশিরভাগ হামলাই চালানো হয়েছে জনাকীর্ণ বাজারে। গৌহাটির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, "১১ টি বিষ্ফোরণে এ পর্যন্ত আমরা ৬৮ জনের মৃত্যুর খবর পেয়েছি।" ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জি পি সিং জানিয়েছেন, গৌহাটিতে দুটি বোমা মটরসাইকেল এবং স্কুটারে লকানো ছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, "বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে, এতে একটি যাত্রীবোঝাই বাসের অর্ধেকটাই উড়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।" স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, বিষ্ফোরণে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর চড়াও হওয়ায় এবং গাড়ি জ্বালিয়ে দেওয়ায় গৌহাটিতে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলিও ছুঁড়েছে। পাকিস্তান এ বোমা হামলার নিন্দা জানিয়েছে এবং জঙ্গিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই প্রাণহানিকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "পাকিস্তান যে কোনও ধরনের সন্ত্রাসের নিন্দা জানায়।" উল্লেখ্য, ভারতে এ ধরনের বোমা হামলার জন্য বরাবরই পাকিস্তানকে দোষারোপ করে থাকে নতুন দিল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪০ ঘ.