ইসলামাবাদ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান বুধবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে দক্ষিণ ওয়াজিরিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ জানিয়েছে। ওয়াজিরিস্তানে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় দুদিন আগে চালকবিহীন বিমান থেকে চালানো ওই হামলায় ২০ জঙ্গি নিহত হয়।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "হামলায় মূল্যবান জীবনহানি ও সম্পদ নষ্ট হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত অ্যান পেটারসনকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানায়।"
"রাষ্ট্রদূতকে বলা হয়েছে, এ ধরনের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং শিগগিরই তা বন্ধ হওয়া উচিত।"
আফগানিস্তানে তালেবানদের সশস্ত্র তৎপরতা তীব্রতর হওয়ায় মার্কিন বাহিনী গত সেপ্টেম্বর থেকে সীমান্তসংলগ্ন পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে ১২ বারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও কমান্ডো হামলা চালিয়েছে। তবে এসব হামলায় আল-কায়েদা বা তালেবানের শীর্ষ কোন কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা "যুক্তরাষ্ট্র পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল" -এ ধরনের কথা বার বার বললেও মার্কিন হামলা বন্ধ করার কোন প্রতিশ্র"তি দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২১ ঘ.
bdnews24