বেজিং, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রতিনিধিরা বৃহস্পতিবার বেইজিংয়ের পথে রওনা হয়েছেন। বৈঠক সংশ্লিষ্ট দুই সূত্র একথা জানিয়েছে। দালাই লামা তিব্বতের ভবিষ্যৎ নিয়ে চীনের মনোভাবে হতাশা প্রকাশের কয়েকদিনের মধ্যেই তার প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠকের উদ্যোগ নিল বেইজিং।
২০০২ সালের পর থেকে এটি ৮ম দফা এবং আগস্টে বেইজিং অলিম্পিকের পর প্রথম দফা আলোচনা। দালাই লামার স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং তিব্বত সমস্যার অর্থবহ সমাধানের ক্ষীণ সম্ভাবনার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
সিনহুয়া বার্তা সংস্থা বলেছে, দালাই লামার পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে তার ব্যক্তিগত প্রতিনিধিদের সঙ্গে চীন কর্তৃপক্ষ এই যোগাযোগ ও আলোচনার ব্যবস্থা নিয়েছে।
চীনা কর্মকর্তারা বলেন, দালাই লামার উচিত "এই সুযোগ কাজে লাগিয়ে ইতিবাচক সাড়া দেওয়া।"
চীনের পক্ষে আলোচনায় কে প্রতিনিধিত্ব করবে তা জানায়নি সিনহুয়া।
দালাই লামার একজন সহযোগী গত রোববার বলেন, দালাই লামা চীনের কাছ থেকে তার মাতৃভূমির স্ব-শাসনের অধিকার পাওয়ার "কোন আশা" দেখছেন না।
তবে দালাই লামার অফিস থেকে পরে জানানো হয়, গণমাধ্যমে ওই বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৬২৮ ঘ.
bdnews24