ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির সরকারের বিরুদ্ধে শনিবার এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিরোধীদের অভিযোগ, বারলুসকোনি দেশকে অতিরিক্ত ডানপন্থার দিকে ঠেলে দিচ্ছেন। (আরও তথ্যসহ)
মধ্যবাম বিরোধীদের নেতা ওয়ালটার ভেলত্রোনি সমাবেশে বলেন, বারলুসকোনি ইতালির সামাজিক ও আর্থিক সমস্যা সমাধানে অক্ষম।
বারলুসকোনি গত এপ্রিলে ক্ষমতায় ফিরে আসার পর এটাই সবচেয়ে বড় সরকারবিরোধী সমাবেশ।
প্রাচীন রোমের রথ চলার পথ 'সারকাস ম্যাক্সিমুস'-এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঠিক কতো লোক অংশ নিয়েছে তা নিয়ে ভিন্নমত থাকলেও তা কয়েক লাখ থেকে শুরু করে প্রায় ২০ লাখের বেশি বলেও দাবি করা হচ্ছে। যে কোনো বিচারেই এটা ইতালির মধ্যবাম বিরোধীদের বিরাট সাফল্য।
মধ্যবামদের নেতা ওয়ালটার ভেলত্রোনি সমাবেশে বলেন, বারলুসকোনির শাসনের অধীনে ইতালি আরও ফ্যাস্বাদী হয়ে উঠছে। এপ্রিল মাসের নির্বাচনের বারলুসকোনির জয়ের পর থেকে এতোদিন রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে ভেলত্রোনির উপস্থিতি ছিল অনেক কম।
অপরাধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে বারলুসকোনির নীতি ওই নির্বাচনে তার বোট বাড়িয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু, এসবসহ শিক্ষা খাতে তার নীতি বিমেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের তহবিল কমিয়ে দেওয়া এবং ইতালীয় ভাষা বলতে পারে না এমন অভিবাসী শিশুদের জন্য আলাদা ক্লাসের নীতি গ্রহণের ফলে বিরোধীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন।
বারলুসকোনির বিরোধীরা পার্লামেন্টে খুব শক্তিশালী না হলেও রাজপথের আন্দোলনে তারা যথেষ্টই শক্তিমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এএমটি/১৩১৫ ঘ.
bdnews24