২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদের মুখে এবাদিকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার করল মালয়েশিয়া

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানের মানবাধিকার নেত্রী শিরিন এবাদিকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও ইরান সরকার ও ইরানি ছাত্রদের প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

কুয়ালা লামপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানের মানবাধিকার নেত্রী শিরিন এবাদিকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও ইরান সরকার ও ইরানি ছাত্রদের প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। এ পদক্ষেপের সমালোচনা করে মানবাধিকার গ্রপগুলো বলেছে, এটা মাফ করা যায় না। এ ঘটনা মৌলিক মানবাধিকারের প্রতি মালয়েশিয়ার অসম্মানেরই বহিঃপ্রকাশ। শিরিন এবাদি ইরানের মানবাধিকার পরিস্থিতির একজন কট্টর সমালোচক। আগামী ৩ নভেম্বর 'ইসলাম ও সাংস্কৃতিক বৈচিত্র' শীর্ষক একটি বক্তৃতার জন্য এবাদিকে আমন্ত্রণ জানিয়েছিল কুয়ালা লামপুরের মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ইরানি ছাত্রদের প্রতিবাদের মুখে আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, তাকে আমন্ত্রণ জানানো হলে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে তেহরান সতর্ক করে দেওয়ার পর মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বক্তৃতার আয়োজন না করার পরমর্শ দিয়ে বিশ্ববিদ্যালকে চিঠি দিয়েছে। মালয়েশিয়ায় নোবেল বিজয়ীদের একাধিক বক্তৃতার আয়োজনকারী ভিয়েনা ভিত্তিক 'ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন' এর চেয়ারম্যান উই মোরাওয়েৎজ বলেন, "এবাদি বক্তৃতায় যোগ দিচ্ছেন না।" তবে এ বিষয়ে মন্তব্য জানার জন্য মালয়েশিয়ায় নিযুক্ত ইরানি কূটনীতিকদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর হিউম্যান রাইটস ইন ইরান এবং এশিয়ান এনজিও নেটওয়ার্ক অন ন্যাশনাল হিউম্যান রাইটস ইন্সস্টিটিউশনস মালয়েশিয়া সরকারের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের মানবাধিকার আন্দোলনে এবাদির সমস্ত কর্মকাণ্ড রুখতে শক্তি প্রয়োগ করে আসছে ইরান সরকার। আর এখন মালয়েশিয়ার সরকার ইরান সরকারের পক্ষে সেই একই কাজ করল। এটা খুবই দুঃখজনক।" মানবাধিকার আন্দোলনের স্বীকৃতি স্বরূপ এবাদি ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.