জেরুজালেম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্র্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে পারছেন না ইসরায়েলের ক্ষমতাসীন দল কাদিমা পার্টির নেত্রী জিপি লিভনি। শুক্রবার এই সময় শেষ হওয়ার আগেই তিনি প্রেসিডেন্ট শিমন প্যারেজের সঙ্গে দেখা করে আরও দুই সপ্তাহ সময় চাইবেন বলে তার দল থেকে জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী লিভনি গত মাসে দলীয় নির্বাচনে কাদিমা পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ক্ষমতাসীন দলের নেত্রী হিসেবে লিভনি সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট শিমন পেরেজ। নিয়মানুযায়ী, এজন্য তিনি সময় পান ২৮ দিন। সোমবার সেই সময় শেষ হয়ে যাচ্ছে।
লিভনির এক মুখপাত্র রোববার জানিয়েছেন, প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে সোমবার দেখা করতে পারেন লিভনি। এ সময় তিনি সরকার গঠনের জন্য আরও দুই সপ্তাহ সময় চাইবেন। আইন অনুযায়ী, প্রেসিডেন্ট তা দিতে পারেন এবং ইসরায়েলের বর্তমান পরিস্থিতিতে তিনি যে সময় বাড়াবেন তাতে সন্দেহ নেই।
তাছাড়া ইহুদিদের বিভিন্ন ছুটিছাটার কারণে চলতি মাসে সরকার গঠনের জন্য অন্যদলগুলোর সঙ্গে লিভনির আলোচনা সময় অনেক নষ্ট হয়েছে। আশা করা হচ্ছে জোট সরকার গঠনে তিনি সম্ভাব্য শরিক দলগুলোর সঙ্গে দরকষাকষি প্রক্রিয়া জোরদার করবেন।
তবে এখন দেখার বিষয় জোট সরকারে ভেড়ানোর জন্য লিভনি কট্টরপন্থি শাস পার্টিকে রাজি করাতে পারেন কি-না। সরকারে যোগ দিতে ইতোমধ্যে রাজি হয়েছে প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের লেবার পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.
bdnews24