২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি কার্যকর করা সম্ভব হবে: স্যাঙ্গেরাইয়ের আশা

জিম্বাবুয়ের বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) নেতা মর্গান শনিবার জানিয়েছেন, তিনি আশা করছেন সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি কার্যকর করা সম্ভব হবে। তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে তারা বিশ্বাস-অবিশ্বাসের বিষয়টিই সমস্যা হয়ে দেখা দিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

হারারে, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) নেতা মর্গান শনিবার জানিয়েছেন, তিনি আশা করছেন সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি কার্যকর করা সম্ভব হবে। তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে তারা বিশ্বাস-অবিশ্বাসের বিষয়টিই সমস্যা হয়ে দেখা দিতে পারে। হারারেতে এক দলীয় সমাবেশে তিনি বলেন, "চুক্তিতে আমাদের কোনো আপত্তি নেই। এজন্যই আমরা এতে স্বাক্ষর করেছিলাম। কিন্তু এটি বাস্তবায়ন করতে যেয়েই সমস্যার সৃষ্টি হচ্ছে।" মন্ত্রিপরিষদের আসন ভাগাভাগি নিয়ে হুমকির মুখে পড়েছে ক্ষমতা ভাগাভাগির চুক্তি। সমস্যা সমাধানে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় মুগাবের জানু-পিএফ পার্টির সঙ্গে তাদের গত চার দিনের আলোচনা ব্যর্থ হয়েছে। উভয়পক্ষকে একটি মতৈক্যে পৌঁছাতে সাহায্য করার জন্য আগামী সোমবার সোয়াজিল্যান্ডে তাদের সঙ্গে আলোচনায় বসবেন দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সংস্থা এসএডিসি'র কর্তাব্যাক্তিরা। স্যাঙ্গেরাই বলেন, "সোয়াজিল্যান্ড থেকে আমরা সফল হয়ে ফিরলে সহযোগিতার ভিত্তিতে সরকার পরিচালনা সম্ভব হবে। তবে সমস্যা হবে একে অপরকে বিশ্বাস অবিশ্বাস প্রশ্নে।" গত শুক্রবার এমডিসি জানিয়েছিল, মন্ত্রিপরিষদের আসন নিয়ে অচলাবস্থা নিরসনে সরকারের সঙ্গে তাদের আলোচনায় জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতা প্রয়োজন। এমডিসি মুখপাত্র নেলসন চামিসা শুক্রবার বলেন, "জানু-পিএফ'র সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তির জামিনদার জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। এখন জানু-পিএফ তাদের প্রতিশ্র"তি না রাখলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের হস্তক্ষেপ দরকার।" তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টির সদস্যরা অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই চাইছেন না সরকারের সঙ্গে তার আলোচনা সফল হোক। তিনি জাতিসংঘ হস্তক্ষেপের আশায় আছেন বলে তারা দাবি করেছে। গত সপ্তাহে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে নিজ দল জানু-পিএফ পার্টির নেতাদের নিয়োগ দেন মুগাবে। এতে ক্ষুব্ধ হয় এমডিসি। ফলে হুমকির মুখে পড়ে ক্ষমতা ভাগাভাগি চুক্তি। মন্ত্রিপরিষদের আসন ভাগাভাগি নিয়ে সংকটের অবসান না হলে ক্ষমতা-ভাগাভাগি চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দেন স্যাঙ্গেরাই। জানু-পিএফ পার্টির সূত্রের বরাত দিয়ে শুক্রবার রাষ্ট্র নিয়ন্ত্রিত 'হেরাল্ড' পত্রিকা শুক্রবার জানায়, আলোচনা সফল হচ্ছে না। কারণ, স্যাঙ্গেরাই গোপন উদ্দেশ্য পূরণের চেষ্টা করছেন। পত্রিকাটি লিখেছে, "স্যাঙ্গেরাই চাইছেন আলোচনা সফল না হোক এবং এমবেকির মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হোক। জাতিসংঘের হস্থক্ষেপের গোপন ইচ্ছা নিয়ে কাজ করছেন।" স্যাঙ্গেরাই জাতিসংঘ এবং ব্রিটেনের চাপের মুখে আছেন বলে পত্রিকার সূত্র জানিয়েছে। মুগাবে এবং স্যাঙ্গেরাই বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করেন গত সেপ্টেম্বর মাসে। চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হয়। চুক্তির আওতায় স্যাঙ্গেরাই হন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া, তিনি মন্ত্রিসভার তদারককারী মন্ত্রিসভা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রেসিডেন্ট পদ মুগাবের হাতেই রয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৫০ ঘ.