২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্যারিসে ইইউ নেতাদের বৈঠক

আইএমএফ এর বিশ্বব্যাপী আর্থিক খাত বিপর্যয়ের হুঁশিয়ারির মুখে বাজার আতঙ্ক রোধে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণের আশায় প্যারিসে বৈঠকে বসেছেন ইউরোপের ইউরোভুক্ত দেশগুলোর নেতারা। অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে সর্বসম্মত পথ খুঁজে বের করা বৈঠকের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইএমএফ এর বিশ্বব্যাপী আর্থিক খাত বিপর্যয়ের হুঁশিয়ারির মুখে বাজার আতঙ্ক রোধে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণের আশায় প্যারিসে বৈঠকে বসেছেন ইউরোপের ইউরোভুক্ত দেশগুলোর নেতারা। অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে সর্বসম্মত পথ খুঁজে বের করা বৈঠকের লক্ষ্য। ব্যাংকগুলোর আর্থিক দুর্দশা দূর করতে একটি বিল অনুমোদনের জন্য সোমবার ফ্রান্সের কেবিনেটে বিশেষ অধিবেশন বসবে। ওদিকে, ব্রিটেনের ব্যাংকগুলো অর্থনৈতিক সহায়তা লাভের জন্য ইতোমধ্যেই সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও ব্যাংক ডিপোজিটের গ্যারান্টি দেওয়ার কথা ঘোষণা করেছে। আইএমএফ শিল্পোন্নত দেশগুলোর গ্র"প-৭ এর বাজার স্থিতিশীল করার পরিকল্পনা সমর্থন করেছে। আইএমএফ বলেছে, ঋণ সঙ্কট সামাল দিতে এবং ব্যাংক কার্যক্রম সচল করতে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ওয়াশিংটনে শুক্র ও শনিবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জি-৭ এর প্রধানদের এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও সঙ্কট সমাধানে কোনও বাস্তবসম্মত পদক্ষেপের ব্যাপারে একমত হতে পারেননি। এর আগে গত সপ্তাহে ইইউ'র ৪ টি বৃহৎ অর্থনৈতিক শক্তির দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালি প্রথমবারের মতো একটি বৈঠক করে। কিন্তু সে বৈঠকেও সর্বসম্মত কোনও সিদ্ধান্ত হয়নি। প্যারিসে রোববারের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উভয়ই ঋণ সংকট সামাল দিতে একগাদা প্রস্তাব উত্থাপন করার কথা বলেছেন। বৈঠকে শুধু অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে করণীয়ই নয় বরং কি করে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তা নিয়েও আলোচনা চলছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৯ ঘ.