ওয়াশিংটন, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিল গেটসকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী হতে চলেছেন ওয়ারেন বাফেট। ফোর্বস ম্যাগাজিন চলতি মাসের শেষ দিকে ৪০০ শীর্ষ ধনীর নতুন এই তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ফোর্বসের নতুন সংখ্যা বের হবে আগামী ২৭ অক্টোবর। এতে তারা মার্কিন ধনীদের ওপর গত মাসের অর্থনৈতিক সংকটের প্রভাব খতিয়ে দেখবে।
গত ২৯ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত ৩৩ দিনে 'বার্কশায়ার হাথাওয়ে ইনকর্পোরেশন' এর চেয়ারম্যান বাফেটের সম্পদে যোগ হয়েছে ৮ বিলিয়ন ডলার। এ নিয়ে এখন তার সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে ৫৮ বিলিয়ন ডলার।
আর একই সময়ে মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পদের পরিমাণ দেড় বিলিয়ন কমে দাঁড়িয়েছে সাড়ে ৫৫ বিলিয়ন ডলারে।
ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, টানা ১৫ বছর ধরে বিশ্বের শীর্ষ সম্পদশালী ব্যক্তি ছিলেন বিল গেটস।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, গত সেপ্টেম্বরের আর্থিক সংকটের সময় সম্পদ খোয়ানোদের তালিকার শীর্ষে আছেন লাস ভেগাস স্যান্ডস কর্পোরেশনের প্রধান নির্বাহী শেলডন অ্যাডেলসন। এই সময়কালে তার ক্ষতি হয়েছে চার বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24