ওয়াশিংটন, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানকে ৭০০ বিলিয়ন ডলার সাহায্যে বুশ প্রশাসনের প্যাকেজ প্রস্তাবটি সংশোধিত আকারে বুধবার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এর ফলে বিলটি অনুমোদনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ওপর চাপ বাড়লো।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং আর্থিক খাতের নেতারা এ বিলটিকে অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেও সোমবার হাউস অফ রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে ২২৮/২০৫ ভোটে বিলটি প্রত্যাখ্যান হয়ে যায়।
বুধবার রাতে সিনেটে বিলটির পক্ষে পড়ে ৭৪ ভোট এবং বিপক্ষে ২৫টি। সংশোধিত এ বিলটি সিনেটে পাস হওয়ায় এখন তা আবার হাউস অফ রিপ্রেজেনটেটিভস এ অনুমোদনের জন্য যাবে।
ওদিকে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিনেটের দৃষ্টান্ত অনুসরণ করে বিলটি দ্রুততার সঙ্গে অনুমোদন করার আহ্বান জানিয়েছেন।
সিনেটে এ পনুরুদ্ধার বিল পাস হলেও বৃহষ্পতিবারের এশিয়ার শেয়ার বাজারে দরপতন ঘটে। এছাড়া একইদিনে ইউরোপের শেয়ার বাজারেও দুর্বলভাব থাকবে বলে অনুমান করা হচ্ছে।
গত শতকের ৩০ এর দশকের মহামন্দার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ এই আর্থিক সঙ্কট মোকাবেলায় উঠে পড়ে লেগেছে বুশ প্রশাসন। প্রস্তাবটি যাতে পাস হয় সেজন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন অর্থমন্ত্রী হেনরি পলসন।
তারল্য সঙ্কটে পড়ে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে বহু পুরানো ও বড় কয়েকটি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এগুলোর মধ্যে আছে বাজারের শীর্ষ প্রতিষ্ঠান এইআইজি, লেহম্যান, ওয়াশিংটন মিউচ্যুয়াল ইত্যাদি। পরিস্থিতি সামাল দিতে অর্থবাজারে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার বলেছিলেন, আর্থিক সহায়তা প্যাকেজটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাবে; এই পরিকল্পনা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়কর হতে পারে।
এক লিখিত বিবৃতিতে বুশ বলেন, পরিকল্পনাটি বিশ্ব বাজারে একটি শক্তিশালী ইতিবাচক সংকেত পাঠিয়েছে। নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র তৎপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫১০ ঘ.
bdnews24