পেশোয়ার, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রই চলতি সপ্তাহে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। স্থানীয়রা জানিয়েছে, আল-কায়েদা নেতাদের হত্যা করতেই যুক্তরাষ্ট্র ওই হামলা চালায়।
প্রাথমিক খবরে জানা যায়, মীর আলী শহরের কাছে তোরখালি গ্রামের একটি বাড়িতে সোমবারের ওই ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়। তবে পরে জানা যায়, এতে কমপক্ষে ১৩ বিদেশি জঙ্গি নিহত হয়।
বৃহস্পতিবার পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আদিবাসী সূত্রে জানা গেছে, ওই হামলায় সাতজন আরব এবং ছয়জন মধ্য এশিয়ার লোক নিহত হয়।
আদিবাসী এলাকাটির বাসিন্দারা জানিয়েছে, আল-কায়েদার দ্বিতীয় বা তৃতীয় সারির নেতাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ওই হামলা চালিয়েছিল।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, আফগানিস্তান থেকে পাইলটবিহীন যুক্তরাষ্ট্রের প্রিডেটর যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত করেনি পাকিস্তান কর্তৃপক্ষ। পেন্টাগনও কোনো অভিযানের কথা প্রত্যাখ্যান করেছে। এছাড়া, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ'র পক্ষ হয়ে কিছু জানায়নি। প্রসঙ্গত, প্রিডেটরস যুদ্ধবিমান পরিচালনা করে সিআইএ।
স্থানীয়রা জানিয়েছে, হামলার আগে গ্রামবাসীরা দুটি চালকবিহীন বিমান উড়ে যেতে দেখেছিল। তবে তারা বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখেন নি। অবশ্য, বিস্ফোরণে আগে এক গ্রামবাসী বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পেয়েছিলেন বলে জানিয়েছেন।
পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটি জঙ্গি নিয়ন্ত্রিত এবং নিরাপত্তারক্ষীদের জন্য সেখানে যাওয়া খুবই ঝুকিপূর্ণ।
হামলার পরপরই জঙ্গিরা এলাকাটি ঘিরে ফেলে এবং কাউকেই সেখানে যেতে দেয়নি।
সেখানকার এক বাসিন্দা আহমেদ আজিজ (৭০) রয়টার্স বলেন, জঙ্গিরা নিহতদের শেষকৃত্যানুষ্ঠানেও গ্রামবাসীদের কাউকে অংশ নিতে দেয়নি। এটা ওই হামলায় বিদেশিদের নিহত হওয়ার একটি আলামত।
আজিজ বলেন, "স্থানীয়রা মারা গেলে তাদের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে তারা কাউকে বাধা দেয় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.
bdnews24