২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে বাণিজ্য সম্মেলনের প্রস্তাব লুলার

বিশ্ব বাণিজ্য আলোচনার উপসংহার টানতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বিশ্ব নেতাদের একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 08:01 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ব্রাসিলিয়া, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাণিজ্য আলোচনার উপসংহার টানতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বিশ্ব নেতাদের একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের মুখপাত্র মারসেলো বমবাচ সাংবাদিকদের জানিয়েছেন, লুলা মঙ্গলবার বুশকে টেলিফোন করে এপ্রিলে সম্মেলনটি আয়োজনের পরামর্শ দিয়েছেন। এ সময়ে লুলা ও বুশ দুজনেরই ইউরোপ সফরে থাকতে পারেন। বমবাচ জানান, এ সম্মেলনের সম্ভাব্যতা নিয়ে লুলা ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে আলোচনা করেছেন। বমবাচ বলেন, টেলিফোন আলাপে বুশ বলেছেন, তিনি প্রস্তাবটি নিয়ে চিন্তা-ভাবনা করবেন। এছাড়া, নভেম্বর মাসে সাও পাউলোতে অনুষ্ঠেয় জৈবজ্বালানি বিষয়ক সম্মেলনে যোগদানে লুলার আমন্ত্রণ গ্রহণের বিষয়টিও ভেবে দেখবেন তিনি। উল্লেখ্য, প্রায় ছয় বছর আগে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সেই থেকে ওই আলোচনার সমাপ্তি টানার লক্ষ্যে বিভিন্ন পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। এছাড়া, বিশ্লেষকরা মনে করছেন, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের আগে এ আলোচনা শেষ করতে না পারলে তা পুনরায় শুরু করতে বছরের পর বছর লেগে যেতে পারে। বমবাচ বলেন, ২০ মিনিটের কথোপকথনে লুলা দোহা আলোচনার সফলতাপূর্ণ সমাপ্তি টানার জন্য বুশকে আহ্বান জানিয়েছেন। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-২০ এর নেতা হিসাবে ওই আলোচনার অন্যতম ভূমিকা পালনকারী দেশ ছিল ব্রাজিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩২৬ ঘ.