বেইজিং, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৯৬৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চালানো পারবাণবিক অস্ত্র পরীক্ষায় অংশগ্রহণকারীদের বকেয়া অর্থসহায়তা দিতে শুরু করেছে চীন। সাবেক সেনা সদস্যদের সামাজিক কল্যাণের অংশ হিসেবেই এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।
চীন ১৯৬৪ সালে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এ ধরনের আরও পরীক্ষা চলে ১৯৯৬ সাল পর্যন্ত। ঝিন জিয়াং প্রদেশে একতরফাভাবে এই কর্মসূচি চালানোর ঘোষণা দেয় সরকার। কিন্তু এই তেজস্ক্রিয় বিস্ফোরণ ঘটানোর কাজে নিয়োজিত সেনাদের এতদিন পর অর্থ সহায়তা দেওয়ার পদক্ষেপ নিল চীন।
সিভিল এফেয়ার্স মিনিস্টার লি জিয়েনজু জানান, পারমাণবিক বিস্ফোরণে অংশগ্রহণকারী সামরিক এবং বেসামরিক লোকজন ২০০৭ সাল থেকেই প্রাপ্য অর্থ পাচ্ছে। চীন সরকারের দেওয়া অর্থে পরমাণু বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা খরচ পর্যাপ্ত হচ্ছে কিনা তা এখনও পরিস্কার নয়। কি কারণে চীন হঠাৎ এই অর্থ সরবরাহের পদক্ষেপ নিল তাও স্পষ্ট নয়।
উল্লেখ্য, চীন তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি গোপন রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২৫ঘ.
bdnews24