জাকার্তা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তো রোববার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। পুলিশের এক ঊর্ধতন কর্মকর্তা একথা জানিয়েছেন। হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির নানা জটিল সমস্যা নিয়ে গত ৪ জানুয়ারি জাকার্তার এক হাসপাতালে ভর্তি হন ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তো। এরপর মাঝে কিছুটা উন্নতি হলেও অধিকাংশ সময়ই তার জীবন ছিল সঙ্কটাপন্ন।
পুলিশের ঊর্ধতন কর্মকতা মেজর ডিকি সান্দোনি রোববার হাসপাতালে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "ইন্দোনেশিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট হাজি মোহাম্মাদ সুহার্তো স্থানীয় সময় ১টা ১০ মিনিটে মারা গেছেন।"
এর আগে রোববারই সুহার্তোর চিকিৎসা টিমের এক চিকিৎসক হাদিহার্তো ম্যানগানেগোরা জানান, গুরুতর অসুস্থ সুহার্তো কোমায় চলে গেছেন। টেক্সট মেসেজ এর মাধ্যমে রয়টার্সকে তিনি জানান, "এ অবস্থাকে ব্রেইন ড্যামেজ ও কোমা বলা যেতে পারে।"
সাংবাদিকরা জানিয়েছেন, তারা সুহার্তো পরিবারের আত্মীয়-স্বজনকে কান্না-কাটি করতে দেখেছেন। সাংবাদিকরা আরও জানিয়েছেন, ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনীর সেনারা হাসপতালে পৌঁছেছেন।
সুহার্তো ১৯৬৫ সালের ৩০ সেপ্টেম্বর সেনা অভ্যুত্থানের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ক্ষমতায় আসেন। এরপর ১৯৯৮ সালে গণবিক্ষোভের মুখে সুহার্তোর পদত্যাগের মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় তার ৩২ বছরের শাসনের অবসান হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১৮ ঘ.
bdnews24