বাগদাদ, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের সুন্নি আরব অধুষ্যিত আধামিয়া জেলায় সোমবার দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জেলাটির নিরাপত্তা স্বেচ্ছাসেবী দলের প্রধানও রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র একথা জানিয়েছে।
অপর দুই নিরাপত্তা সূত্র নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে। অবশ্য, তারা আরও জানিয়েছে, অনেকে গুরুতর আহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
বাগদাদের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল কাসিম মুসাবি রাষ্ট্র-পরিচালিত ইরাকিয়া টেলিভিশনকে বলেন, হামলায় ছয়জন নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছে।
জানা গেছে, আত্মঘাতী হামলাকারীদের একজন পোশাকের নিচে বিস্ফোরকভর্তি বেল্ট পরেছিলেন। অপরজন গাড়িবোমা দিয়ে হামলা চালায়। নিহতদের মধ্যে বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আধামিয়া ও আশ-পাশের এলাকার নিরাপত্তা স্বেচ্ছাসেবী দলের প্রধান রিয়াদ আল-সাম্মারিও রয়েছেন।
'সুন্নি এন্ডোমেন্ট' নামের একটি ধর্মীয় সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন, আধামিয়ায় তাদের ভবনের প্রবেশপথের কাছে বিস্ফোরকভর্তি একটি বেল্ট পরিহিত একজন আত্মঘাতী হামলা চালায়। এরপর ঘটনাস্থলের আশপাশে লোকজন জড়ো হলে অপর একজন গাড়িবোমা দিয়ে সেখানে আত্মঘাতী হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬০৯ ঘ.
bdnews24