ব্রাসেলস, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/রয়টার্স)- সহিংসতা নিরসনে জোট সরকার গঠনের চেষ্টা করার জন্য কেনিয়ার বিরোধীদলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ'র এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানান।
ইইউ মুখপাত্র জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডেলিৎসা রাইস ও ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা কেনিয়ার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন।
মুখপাত্র বলেন, "সহিংসতা নিরসনে সরকারের সঙ্গে কেনিয়ার বিরোধীদের আলোচনা ও জোট সরকার গঠনের পদক্ষেপ নেওয়ার জন্য তাদের ওপর চাপ প্রয়োগের বিষয়ে দু'জনই একমত হয়েছেন।"
কেনিয়ায় যুক্তরাষ্ট্র-ইইউ যৌথ মিশন পাঠানোর ব্যাপারেও দু'জনের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি জানান। তাছাড়া কেনিয়ার সমস্যা নিরসনে তারা একসঙ্গে কাজ করে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
কেনিয়ায় নির্বাচনে জিতে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি দ্বিতীয় মেয়াদে শপথ নিলেও বিরোধীদের অভিযোগ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় গত পাঁচ দিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫০ ঘ.
bdnews24