ম্যানিলা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পটকাবাজি ও ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করে নববর্ষ উদযাপন হয়ে থাকে ফিলিপাইনে। ফিলিপিনোদের বিশ্বাস, এভাবে প্রচণ্ড শব্দের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করলে সব অশুভ শক্তি দূর হয়ে যায়। ভাবিষ্যত হয় মঙ্গলময়। এ নববর্ষেও তার অন্যথা হয়নি। কিন্তু এমন এলোমেলোভাবে ছোঁড়া গুলি ও পটকাবাজির আঘাতে আহত হয়েছে প্রায় সাড়ে চারশ' লোক। অবশ্য, এ সংখ্যা গতবারের চেয়ে কম। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
স্বাস্থ্য সচিব ফ্রান্সিসকো ডাক জানান, দেশের হাসপাতালগুলো জানিয়েছে, রাজপথ ও বিভিন্ন উদ্যানে 'নিউ ইয়ারস ইভ' উৎসবে ৪৫০ জন আহত হয়েছে। তবে কেউ মারা যায়নি।
এক বিবৃতিতে তিনি বলেন, "আঘাতপ্রাপ্তদের অধিকাংশই সামান্য আহত হয়েছে এবং কেউ মারা যায়নি। এটা ভালো ব্যাপার।"
এর আগের বছরের নিউ ইয়ার'স ইভ উৎসবে ছয়শ'র বেশি লোক আহত এবং কমপক্ষে সাতজন মারা গিয়েছিল। উৎসবটি শুরু হয়েছিল বড়দিন থেকে।
ফিলিপাইনের জাতীয় পুলিশ প্রধান জেনারেল অ্যাভেলিনো রাজন রয়টার্সকে বলেন, "উৎসব হয়েছে শান্তিপূর্ণভাবে। গত বছরগুলোর তুলনায় এবার বেশ পার্থক্য দেখা গেছে। পুলিশ এবং স্বাস্থ্য দফতরের প্রচারণার কারণে এবছর কম পটকাবাজি হয়েছে।"
রাজন বলেন, উৎসবে এলোমেলোভাবে ছোঁড়া গুলিতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১০ ঘ.
bdnews24