২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সু চি'র সঙ্গে জাতিসংঘ দূত গাম্বারির সাক্ষাৎ

জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি রোববার ইয়াঙ্গুনে মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, "সফর শেষ করার আগে ইব্রাহিম গাম্বারি মিয়ানমারের সরকার প্রধান রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান শয়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি রোববার ইয়াঙ্গুনে মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, "সফর শেষ করার আগে ইব্রাহিম গাম্বারি মিয়ানমারের সরকার প্রধান রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান শয়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন।" তবে গাম্বারি কখন জেনারেল থান শয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সে বিষয়ে জাতিসংঘ বিস্তারিত কিছু জানায়নি। জাতিসংঘ দূত মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র সঙ্গে ইয়াঙ্গুনে একটি সরকারি অতিথিশালায় প্রায় এক ঘন্টা বৈঠক করেন। এর আগে গাম্বারি সামরিক সরকারের নতুন রাজধানী নিপাইদেওয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থিন সেইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অং নিনট ও তথ্যমন্ত্রী কাও হাসাং এর সঙ্গে সাক্ষাৎ করেন। সামরিক জান্তাবিরোধী তুমুল বিক্ষোভের প্রেক্ষাপটে জাতিসংঘ দূত ইব্রাহিম গাম্বারি গত শনিবার মিয়ানমারে আসেন। তবে মিয়ানমারের দুই দশকের সবচেয়ে বড় বিক্ষোভে সামরিক জান্তার নির্যাতন বন্ধে জাতিসংঘ দূতের এই সফরে কার্যকর কোনো অগ্রগতি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইয়াঙ্গুনের অবসরপ্রাপ্ত এক নৌসেনা বলেন, "সবাই অশা করছে ইব্রাহিম গাম্বারির এই সফর থেকে সমস্যার একটা সমাধান বেরিয়ে আসবে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি তিনি জেনারেলদের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হবেন।" ইয়াঙ্গুন শহরে রোববার কোনো বিক্ষোভ হয়নি। সেনাদের রাস্তায় টহল দিতে দেখা গেছে। তারা শহরের দুটি প্যাগোডার সামনে ব্যারিকেড দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের সেখানে প্রবেশ থেকে বিরত রেখেছে। প্রতক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশ ও সেনারা পথচারিদের ব্যাগ তল্লাশি করছে। বিশেষ করে তারা দেখছে কারো সঙ্গে ক্যামেরা বা ইন্টারনেটের কিছু আছে কিনা। রাস্তার প্রতিটি মোড়ে পুলিশ ও সেনাদের প্রহরা চোখে পড়ার মতো। এদিকে ইয়াঙ্গুনে জাপানি আলোকচিত্রী নিহত হওয়ার ঘটনা তদন্তে জাপানের এক দূত রোববার মিয়ানমার পৌঁছেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৫