হ্যানোভার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রাট প্রার্থী সিনেটর হিলারি ক্লিনটন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হোয়াইট হাউজ রেকর্ড নিয়ে সাফাই গেয়েছেন। তবে একইসঙ্গে নিজের স্বাতন্ত্র বজায় রাখারও চেষ্টা নিয়ে হিলারি বলেন, তিনি নিজ যোগ্যতায়ই নির্বাচনে লড়তে এসেছেন এবং যে কোনো ব্যাপারে বিল ক্লিনটনের সঙ্গে দ্বিমত পোষণে তিনি দ্বিধা করেন না। বুধবার ডর্টমাউথ কলেজে এক প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি একথা বলেন।
২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। হিলারি নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট।
রাজনীতিতে পরিবারতন্ত্র গণতন্ত্রের জন্য ভাল কিনা এ প্রশ্নের জবাবে নিউইয়র্কের সিনেটর হিলারি বলেন, "আমি আমার মতো নির্বাচন করব। আমি নিজের জন্যই জনগণের কাছে ভোট চাইবে।"
স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সম্পর্কে হিলারি বলেন, "আমি মনে করি তিনি যোগ্য প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকার স্বার্থে তিনি দেশে এবং বর্হিবিশ্বের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ইতিমধ্যে সময়ের পরিক্ষায় উত্তীর্ণ।"
স্বামী সম্পর্কে হিলারির এই মন্তব্যে উপস্থিত দর্শকরা তাকে তালি দিয়ে অভিনন্দন জানান। ডেমোক্রাট সমর্থকদের কাছে বিল ক্লিনটন এখনো বেশ জনপ্রিয়। হিলারির নির্বাচনের জন্য জনসমর্থন আদায়ে ও তহবিল সংগ্রহে ক্লিনটনের জোরালো ভূমিকা আছে।
হিলারি জানান, তারা স্বামী-স্ত্রী ৩৬ বছর আগে যে সংলাপ শুরু করেছিলেন তা কখনো শেষ হবে না। তিনি বিশ্বাস করেন, একজন প্রেসিডেন্টের চূড়ান্ত দায়িত্ব এমন একটা উপদেষ্টা পরিষদ গঠন করা যেখানে ভিন্ন ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ ঘটবে। বিভিন্ন প্রেক্ষাপটে যারা বিকল্প উপায় বের করতে পারবেন।
তিনি বলেন, "আমি এটাই করতে চাই। আমার স্বামীও সেটা বেশ ভালভাবেই করতে সক্ষম হয়েছিলেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩৭ঘ.
bdnews24