ইসলামাবাদ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সেনাবাহিনীতে ব্যাপক রদবদল করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ। আগামী মাসে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এই রদবদল করলেন তিনি। মুশাররফ পন্থী হিসেবে পরিচিত এক সেনা কর্মকর্তাকে গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মহাপরিচালক করাসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
সেনাবাহিনীর এক বিবৃতিতে শুক্রবার জানানো হয়েছে, মেজর জেনারেল নাদিম তাজকে ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স (আইএসআই) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে পদোন্নতি দিয়ে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছে।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন সব মিলিয়ে মোট ছ'জন মেজর জেনারেলকে লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নাদিম তাজ এর আগে পকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আটবছর আগে সামরিক অভ্যুত্থ্যানের মাধ্যমে মুশাররফ ক্ষমতায় আসার পর তার সামরিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
আইএসআই এর শীর্ষ পদ থেকে লেফট্যানেন্ট জেনারেল আশফাক পারভেজ কিয়ানিকে সরিয়ে নাদিমকে নিয়োগ দেওয়ায় ধারণা করা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাটির আগের প্রধান আশফাককে আরও পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর শীর্ষ পদের দিকে নিয়ে আসতে পারেন মুশাররফ।
সামরিক বিশ্লেষকরা বলছেন হয় সেনাপ্রধানের পদ ছেড়ে দিলে নিজের স্থলাভিষিক্ত করে তাকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ করা হবে কিংবা তাকে উপ - সেনাপ্রধান করতে পারেন জেনারেল মুশাররফ।
এদিকে আগামী মাসেই ভাইস চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আহসান সালিম হায়াত এবং জয়েন্ট চিফস অফ স্টাফ এহসান উল হক এর অবসরে যাওয়ার কথা রয়েছে।
পুননির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন এবং পরবর্তী যেকোনো ঝুঁকি মোকাবেলার উদ্দেশ্যেই প্রেসিডেন্ট মুশাররফ এসব রদবদল এনেছেন বলে ধারণা করা হচ্ছে।
মুশাররফের একইসঙ্গে প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের পদে থাকা এবং সেনাপ্রধান থাকা অবস্থায় আবারও নির্বাচন করার বৈধতা এবং একই পার্লামেন্টের মাধ্যমে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচনের অনুমোদন নিয়ে বেশ কয়েকটি মামলা ও আপিলের শুনানি চলছে পাকিস্তানের সুপ্রিম কোর্টে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএ/১৩৫০ ঘ.
bdnews24