লখনৌ,২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- ভারতের একটি আদালত উত্তর প্রদেশে বেশ কয়েক হাজার চাকরিচ্যুত পুলিশ কর্মচারীর জায়গায় নতুন করে নিয়োগের উদ্যোগের বিরুদ্ধে রায় দিয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় উত্তর প্রদেশে গত এক সপ্তাহে ১০ হাজারের বেশি পুলিশ ছ্্াটাই করা হয়।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাকেশ তিওয়ারি রাজ্য সরকারের প্রতি ওই পুলিশ কর্মচারীদের বরখাস্ত করার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
ছাঁটাইকৃত পুলিশদের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ১৮ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ওই সব পুলিশই নিয়োগ পেয়েছিলেন চলতি বছর ক্ষমতা হারানো মুলায়ম সিং যাদব সরকারের সময় ।
প্রায় এক হাজার চাকরিচ্যুত পুলিশ তাদের পদচ্যুতিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও স্বেচ্ছাচারমূলক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন।
নবনির্বাচিত মূখ্যমন্ত্রী মায়াবতী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম,স্বজনপ্রীতি ও ঘুষের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।
রাজ্য সরকার বলছে অনিয়মের সঙ্গে জড়িতরা দুর্নীতি ও কাগজপত্র জাল করার দায়ে ফৌজদারি মামলারও সম্মুখীন হবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৬০৬ঘ.
bdnews24