নিউইয়র্ক, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার শিকার নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র সফরের অনুমতি পেলেন না ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তার ওই এলাকা সফরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক পুলিশ বুধবার একথা জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে এ মাসে নিউইয়র্ক সফরকালে 'গ্রাউন্ড জিরো' নামে পরিচিত ওই এলাকা সফর করার আবেদন জানিয়েছিলেন আহমাদিনেজাদ।
এক বিবৃতিতে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, "নির্মাণ কাজ চলতে থাকায় এলাকাটি দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। তাছাড়া নিরাপত্তাজনিত কারণেও এলাকাটি সফরের ইরানি প্রেসিডেন্টের অনুরোধ মেনে নেবে না এনওয়াইপিডি।"
পুলিশ বলছে, আহমাদিনেজাদ কেন সফর করতে চান সে সম্পর্কে তারা নিশ্চিত নন।
আহমাদিনেজাদের এ সফরের বিরোধিতা এসেছে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের পক্ষ থেকেও। প্রসঙ্গত, ইরান সন্ত্রাসবাদ প্রশ্রয় দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ওয়াশিংটন।
এক বিবৃতিতে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী প্রত্যাশী সিনেটর হিলারি ক্লিনটন বলেন, "আমাদের জাতির ইতিহাসে আমেরিকার মাটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার ওই এলাকায় ইরানের প্রেসিডেন্টের সফর গ্রহণযোগ্য নয়। যিনি সন্ত্রাসবাদে তার নিজের দেশের সমর্থন পরিহার করতে অস্বীকৃতি জানিয়েছেন।"
নিউইয়র্কের সাবেক মেয়র ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী প্রত্যাশী রুডি জুলিয়ানিও আহমাদিনেজাদের সফরের বিরোধিতা করেছেন।
তিনি বলেন, "এ সেই লোক যিনি আমেরিকা ও ইসরায়েলকে হুমকি দিচ্ছেন। আশ্রয় দিচ্ছেন বিন লাদেনের ছেলে এবং অন্যন্য আল-কায়েদা নেতাকে। পাশাপাশি অস্ত্র সরবরাহ করছেন ইরাকি জঙ্গিদের এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরমাণু অস্ত্র তৈরির।"
তিনি বলেন, এমন অবস্থায় মার্কিন জনগণের কাছে পবিত্র ভূমি হিসাবে গণ্য 'গ্রাউন্ড জিরো'তে আহমাদিনেজাদের সফরে সহায়তা করাটা অত্যন্ত জঘন্য কাজ।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিরজাদও নিউইয়র্ক পুলিশের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একইসঙ্গে তিনি লেবানন, ইরাক ও আফগানিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৩৫২ ঘ.
bdnews24