২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু

থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটে রোববারের বিমান দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে । বিধ্বস্ত ওই বিমানে এখনো আটকে থাকা পাঁচ আরোহীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ওই দুর্ঘটনার পর এশিয়ার বিভিন্ন দেশে চলাচলকারী সাশ্রয়ী ভাড়ার ওই বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । রোববার ব্যাংকক- ভিত্তিক বিমান পরিবহণ সংস্থা ওয়ান-টু-গো'র বিমানটি ব্যাংকক থেকে ফুকেট বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে রানওয়েতে আছড়ে পড়ে ভেঙে দু'টুকরো হয়ে যায়। এতে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 07:16 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ফুকেট, থাইল্যান্ড, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটে রোববারের বিমান দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে । বিধ্বস্ত ওই বিমানে এখনো আটকে থাকা পাঁচ আরোহীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ওই দুর্ঘটনার পর এশিয়ার বিভিন্ন দেশে চলাচলকারী সাশ্রয়ী ভাড়ার ওই বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । রোববার ব্যাংকক- ভিত্তিক বিমান পরিবহণ সংস্থা ওয়ান-টু-গো'র বিমানটি ব্যাংকক থেকে ফুকেট বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে রানওয়েতে আছড়ে পড়ে ভেঙে দু'টুকরো হয়ে যায়। এতে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। থাইল্যান্ডের সহকারি পরিবহনমন্ত্রী স্যানসার্ন উং-চাউম বলেন, দুর্ঘটনায় বিমানটির দুইজন পাইলটও নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে বিমানের ৪২ জন আরোহী। হাসপাতাল কর্মকর্তারা জানান, জীবিতদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কেননা, আগুনে তাদের দেহের প্রায় ৬০ শতাংশই পুড়ে গেছে। ম্যাকডোনেল ডগলাস কোম্পানির এমডি-৮২ বিমানটির ধ্বংসস্তুপ থেকে "ব্ল্যাক বক্স" উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে খারাপ আবহাওয়ার ওপরই বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডের চ্যানেল ৭ টেলিভিশনকে পরিবহনমন্ত্রী স্যানসার্ন বলেন, "দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা ব্ল্যাক বক্সটি যুক্তরাষ্ট্রে পাঠাব। তা পরীক্ষা করে দেখতে এক সপ্তাহ লাগবে।" বেঁচে যাওয়া আরোহীরাও দুর্ঘটনার কারণ সম্পর্কে বলতে গিয়ে খারাপ আবহাওয়ার কথা বলেছেন। তাদের কয়েকজন বলেন, পাইলট বিমানটি ভালভাবে অবতরণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হন। হাসপাতালে চিকিৎসাধীন ২৩ বছর বয়সী কানাডীয় মিলি ফারলং রয়টার্সকে বলেন, "পাইলট বিমানটির নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেছিলেন। তিনি ডানে মোড় নিতে শুরু করেছিলেন এবং মোড় নিয়েওছিলেন। কিন্তু তখনই বিমানটি বাঁধের ওপর আছড়ে পড়ে।" তিনি আরও বলেন, "আমি ঘাস দেখতে পেয়েছিলাম এবং বুঝতে পারছিলাম যে দুর্ঘটনায় পড়তে যাচ্ছি।" এদিকে থাইল্যান্ডের বিমানবন্দরগুলো জানিয়েছে, বিমানটিতে সাতজন ক্রু এবং ৭৮ জন বিদেশী আরোহী ছিল। যাদের অধিকাংশ ইউরোপ থেকে ছুটি কাটানোর জন্য থাইল্যান্ডে এসেছিল। হাসপাতাল কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের মধ্যে ১৪ জন থাই, আটজন ব্রিটিশ, পাঁচজন ইরানি এবং চারজন জার্মান নাগরিক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এসকে/১২৫৩ ঘ.