সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- সুদানের গোলযোগপূর্ণ দারফুর সঙ্কটের দিকে দৃষ্টি ফেরানো এবং এ সঙ্কট নিরসনে সচেষ্ট হওয়ার দাবিতে বিক্ষোভ ও মিছিল-সমাবেশ চলছে বিশ্বের ৩০ টি দেশে। আগামী সপ্তাহে জাতিসংঘে বিশ্বনেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক বসার আগেই তাদেরকে দারফুর সঙ্কটে মনযোগী করতে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো লন্ডন, প্যারিস, সানফ্রান্সিসকো, নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছে।
বিশ্বব্যাপী এই দারফুর দিবস পালনের মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন দারফুর সঙ্কটকে একালের বড় ধরনের ট্র্যাজেডিগুলোর অন্যতম বলে উল্লেখ করেছেন। দারফুর লড়াইয়ে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত মারা গেছে প্রায় ২ লাখ মানুষ এবং গৃহহীন হয়েছে প্রায় ২০ লাখ লোক।
খার্তুম সরকার ও সরকার সমর্থিত আরব জানজাবিদ জঙ্গিদেরকে দারফুরে গণহত্যার জন্য দায়ী করা হয়। তবে খার্তুম সরকার জানজাবিদ জঙ্গিদের সমর্থন দেওয়ার কথা অস্বীকার করে আসছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ হিউম্যান রাইটস ওয়াচ এবং সেভ দারফুর কোয়ালিশন একযোগে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছে। জাপান থেকে শুরু করে ভ্যাঙ্কুভার এমনকি ঘানার আকরা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। বিক্ষোভে অংশগ্রহণকারীরা চোখ বেঁধে বিশ্বনেতাদের একথাই বলতে চাইছে যে, দারফুরে চলমান সহিংসতা থেকে মুখ পিরিয়ে রাখবেন না।
রোমে বিক্ষোভকারীরা টি শার্ট পরে এবং শান্তি মশাল নিয়ে মিছিল করেছে। লন্ডনে বিক্ষোভকারীরা দারফুরে চলমান ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতীক বহন করেছে। হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক টম পোর্টেউস বলেছেন, আমরা সুদান সরকারকে শক্তিশালী বাতা পৌঁছে দিচ্ছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৯ঘ.
bdnews24